OBC নিয়ে আইনি জটিলতার পর EWS-কে ভরসা করে NEET-UG 2026-এর কাউন্সেলিংয়ে নতুন করে সংরক্ষণের সুবিধা পাওয়ার চেষ্টা। কিন্তু সেই পথেও বড় ধাক্কা। ফল প্রকাশের পর এবং কাউন্সেলিং শুরু হয়ে যাওয়ার সময়ে নিজেদের সংরক্ষণ শ্রেণি বদলে EWS-এ যাওয়ার আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, এক বার ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেলে মাঝপথে নিয়ম বদলের সুযোগ দেওয়া যায় না।
মামলায় OBC-NCL এবং General ক্যাটেগরিতে NEET-UG 2026-এ অংশ নেওয়া পরীক্ষার্থীরা পরে EWS শংসাপত্র পাওয়ার কথা জানান। কয়েকজনের OBC মর্যাদা আদালতের সাম্প্রতিক রায়ের জেরে প্রশ্নের মুখে পড়ায় EWS সংরক্ষণের সুবিধা চাওয়া হয়। তাঁদের দাবি ছিল, ১ এপ্রিল ২০২৬-এর পর ইস্যু হওয়া EWS শংসাপত্র গ্রহণ করে কাউন্সেলিংয়ে তাঁদের EWS প্রার্থী হিসাবে বিবেচনা করা হোক। যাঁরা এখনও শংসাপত্র পাননি, তাঁদের আবেদন দ্রুত নিষ্পত্তিরও আর্জি জানানো হয়।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, West Bengal Medical Counselling Committee এবং NTA-র তরফে প্রবল আপত্তি জানানো হয়। তাঁদের বক্তব্য, NEET-এর আবেদনপত্রে প্রার্থী যে ক্যাটেগরি ঘোষণা করেছেন, ফল প্রকাশের পর সেটি বদলের অনুমতি দিলে মেধাতালিকা এবং আসন বণ্টনের পুরো কাঠামোই বদলে যেতে পারে।
আদালতও সেই যুক্তিকে গুরুত্ব দিয়েছে। বিচারপতি সিনহার পর্যবেক্ষণ, একজন প্রার্থীর ক্যাটেগরি বদল মানে শুধু তাঁর অবস্থানের পরিবর্তন নয়। তার সরাসরি প্রভাব পড়তে পারে EWS তালিকায় থাকা অন্য প্রার্থীদের মেধাক্রম, পছন্দের আসন এবং সুযোগের উপরও। এতে ভর্তি প্রক্রিয়ার স্বচ্ছতা ও স্থিরতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
আদালত স্পষ্ট করে দিয়েছে, পরে EWS শংসাপত্র হাতে এলেই আগে ঘোষিত ক্যাটেগরি বদলে নেওয়ার সুযোগ তৈরি হয় না। ভর্তি প্রক্রিয়ার ‘খেলা’ শুরু হয়ে যাওয়ার পর নতুন করে নিয়ম পাল্টালে তৈরি হতে পারে ‘সম্পূর্ণ অরাজকতা’।
তবে EWS শংসাপত্রের জন্য ইতিমধ্যে যাঁরা আবেদন করেছেন, তাঁদের আবেদন আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিষ্পত্তি করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু NEET কাউন্সেলিংয়ে EWS সংরক্ষণের সুবিধা দেওয়ার আর্জি গ্রহণ করেনি হাই কোর্ট।
ফলে OBC-র ধাক্কার পর EWS-এ ভর করে কাউন্সেলিংয়ে নতুন করে সংরক্ষণ পাওয়ার আশাতেও আপাতত জল। NEET-এর মেধাতালিকায় এক বার নাম উঠলে, মাঝপথে ক্যাটেগরি বদলের দরজা খুলছে না—হাইকোর্টের রায়ে সেই বার্তাই স্পষ্ট