আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কলকাতায় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করছে ন্যাশনাল জুট বোর্ড। আগামী ৮ মার্চ শহরের নিউ কেনিলওয়ার্থ হোটেল প্রাইভেট লিমিটেডে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিশ্বজুড়ে ৮ মার্চ নারীদের সাফল্য ও সমাজে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। সেই আবহেই এ বছরের অনুষ্ঠানে পাট শিল্পে মহিলাদের অবদানকে সামনে আনার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
আয়োজক সূত্রে জানা গিয়েছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাট সম্পদ ও উৎপাদনকেন্দ্রের সহযোগী সংস্থার দায়িত্বপ্রাপ্ত মহিলারা, দক্ষ প্রশিক্ষক, নকশাকার এবং সফল নারী উদ্যোগপতিরা এই অনুষ্ঠানে যোগ দেবেন। পাটের বহুমুখী কার্যক্রমে যাঁরা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন, তাঁদের সংবর্ধিত করা হবে।
অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে নিকটবর্তী একটি পাটকলের শ্রমিক পরিবারের কন্যা শিশুদের সম্মান জানানো হবে। তাঁদের হাতে ন্যাশনাল জুট বোর্ড বৃত্তি প্রকল্পের অনুদান তুলে দেওয়া হবে। আয়োজকদের মতে, এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষায় উৎসাহ জোগাবে এবং সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করবে।
অনুষ্ঠানে নারী স্বনির্ভরতা, দক্ষতা বৃদ্ধি এবং পাট শিল্পের সম্প্রসারণ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি সফল উদ্যোগপতিদের অভিজ্ঞতা তুলে ধরা হবে, যাতে অন্য মহিলারাও অনুপ্রাণিত হন। ন্যাশনাল জুট বোর্ড জানিয়েছে, এই কর্মসূচি কেবল উদযাপন নয়, বরং নারীশক্তির বিকাশে বাস্তব পদক্ষেপের বার্তা বহন করবে।