নাকতলা জিমে সদস্যকে মারধরের অভিযোগ, ব্যবস্থাপনার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার নালিশ

নাকতলার একটি জিমে ঢুকে এক মহিলা সদস্যকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। ঘটনায় আক্রান্ত হয়েছেন দেবলীনা গঙ্গোপাধ্যায় নামে এক আইনজীবী। তাঁর অভিযোগ, ১৪ নভেম্বর রাতে নাকতলার ‘ফ্রিকশন’ জিমে এই ঘটনা ঘটে। প্রথমে জিমের ভিতরে তাঁকে হুমকি ও গালিগালাজ করা হয়। পরে জিমের বাইরে নিয়ে গিয়ে প্লাস্টিকের রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় আহত দেবলীনা ওই রাতেই হাসপাতালে চিকিৎসা করান। ইতিমধ্যে নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

নেতাজিনগর থানার আধিকারিকের কাছে ১৫ নভেম্বর লিখিত অভিযোগে দেবলীনা জানান, রাত প্রায় ৮টা ১৫ মিনিট নাগাদ অনীশা শর্মা নামে এক মহিলা জিমে আসেন। দেবলীনার দাবি, তনুশ্রী দাস নামে আর এক মহিলার কাছ থেকে তাঁর জিমে থাকার খবর পেয়েই সেখানে পৌঁছন অনীশা। অভিযোগ, জিমের ভিতরে ঢুকে তাঁকে গালিগালাজ ও হুমকি দিতে শুরু করেন ওই মহিলা। বিষয়টি সঙ্গে সঙ্গে জিম কর্তৃপক্ষকে জানান দেবলীনা। সাহায্য চেয়ে অভিযোগ করলেও কর্তৃপক্ষ তাঁকে আশ্বাস দেওয়া ছাড়া কোনও পদক্ষেপ করেনি বলে দাবি তাঁর।

 


 

 

দেবলীনার অভিযোগ, এরপরও জিমের ভিতরে থেকে যান অনীশা। পরে ফের তাঁর কাছে এসে প্রাণনাশের হুমকি দেন। জিমের বাইরে বেরিয়ে তাঁকে প্লাস্টিকের রড দিয়ে বারবার আঘাত করা হয় বলেও অভিযোগ। ঘটনার সময় জিমের এক কর্মী বা ম্যানেজার উপস্থিত ছিলেন কি না, তা-ও তদন্তের বিষয়। জিমের সিসিটিভি ক্যামেরায় গোটা ঘটনার ছবি ধরা পড়ে থাকতে পারে বলে দাবি অভিযোগকারিণীর।

 

 

 

অভিযোগে আরও উল্লেখ, ওই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে জিমের তৎকালীন ফ্লোর ম্যানেজার বিনোরা (নামটি অভিযোগপত্রে এ ভাবেই লেখা) থাকতে পারেন। তাঁর সঙ্গে যোগাযোগ করে সিসিটিভি ফুটেজ সংগ্রহের আর্জিও জানিয়েছেন দেবলীনা। অভিযোগকারিণীর দাবি, গোটা ঘটনা জিমের সিসিটিভি ক্যামেরায় ধরা রয়েছে। ভবিষ্যতে তাঁর উপর ফের হামলার আশঙ্কা প্রকাশ করে নিরাপত্তা চেয়েছেন তিনি। অ্যাসিড হামলার হুমকি দেওয়ার অভিযোগও তুলেছেন দেবলীনা।

 

ঘটনার পর জিম কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ওই আইনজীবী। ১৫ নভেম্বরের লিখিত অভিযোগের পাশাপাশি ১৬ নভেম্বর ইমেল পাঠিয়েও কোনও উত্তর পাননি বলে দাবি তাঁর। এর পর জিমের মালিক ও পরিচালকদের উদ্দেশে আইনি নোটিস পাঠিয়েছেন দেবলীনা। সেখানে অভিযোগ, হামলার আগে তিনি কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও অভিযুক্ত মহিলাকে আটকানো বা জিম থেকে বের করে দেওয়ার কোনও ব্যবস্থা করা হয়নি। হামলার পরেও চিকিৎসার ব্যবস্থা করা হয়নি, পুলিশকে খবর দেওয়া হয়নি এবং কর্তৃপক্ষের তরফে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে দাবি তাঁর।

আইনি নোটিসে ১৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত জিমের মেঝে, অভ্যর্থনা কেন্দ্র, প্রবেশ ও বেরোনোর পথ, করিডর, সাধারণ জায়গা এবং জিমের বাইরের এলাকার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের দাবি জানিয়েছেন দেবলীনা। মূল ও সম্পাদনাহীন অবস্থায় ফুটেজ সংরক্ষণ করে তার সম্পূর্ণ প্রতিলিপি ২৪ ঘণ্টার মধ্যে দেওয়ার কথা বলা হয়েছে। একই সময়ের মধ্যে নেতাজিনগর থানায় জিম কর্তৃপক্ষকে নিজেদের তরফে লিখিত অভিযোগ দায়ের করে তার প্রতিলিপি তাঁকে পাঠানোর দাবিও জানিয়েছেন তিনি।

এ ছাড়াও ৪৮ ঘণ্টার মধ্যে কয়েকটি বিষয়ে লিখিত ব্যাখ্যা চেয়েছেন দেবলীনা। অনীশা কী ভাবে জিমে প্রবেশ করলেন, কার অনুমতিতে সেখানে ছিলেন, তাঁর বিরুদ্ধে আগে থেকে কোনও অভিযোগ বা অপরাধের ইতিহাস সম্পর্কে কর্তৃপক্ষের জানা ছিল কি না এবং প্রথম হুমকির অভিযোগ পাওয়ার পরেও কেন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি—সেই প্রশ্ন তুলেছেন তিনি। আহত হওয়ার পর জিমের কর্মীরা তাঁকে কী ধরনের সাহায্য করেছিলেন, তা-ও জানতে চেয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পেলে পরবর্তী আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ওই আইনজীবী।