বসিরহাটে তৃণমূলে বড়সড় ভাঙন, মিনাখাঁ পঞ্চায়েত সমিতির ১৬ সদস্যের দলবদলে হাতছাড়া বোর্ড

বসিরহাটে তৃণমূলে বড়সড় ভাঙন! মিনাখাঁ পঞ্চায়েত সমিতির ১৬ জন সদস্য দল ছেড়ে এনসিপিআইতে যোগ দিলেন। এর জেরে ২৪ আসনের মিনাখাঁ পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের বোর্ড কার্যত সংখ্যাগরিষ্ঠতা হারাল। পঞ্চায়েত সমিতির নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার বসিরহাট মহকুমা শাসকের দফতরে পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার আবেদন জমা দেন সাইফুদ্দিন মোল্লা। এর পরেই তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেন পঞ্চায়েত সমিতির ১৬ জন সদস্য।

উল্লেখ্য, মিনাখাঁ পঞ্চায়েত সমিতিতে মোট আসন ২৪টি। গত নির্বাচনে সব ক’টি আসনেই জয়ী হয়েছিল তৃণমূল। কিন্তু রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ায় এবার সেই সমিতির অধিকাংশ সদস্যই দল ছাড়লেন। ফলে বর্তমান বোর্ডের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।


বসিরহাটের এনসিপিআই কো-অর্ডিনেটর হাজি মন্টু বলেন, মিনাখাঁ পঞ্চায়েত সমিতির অধিকাংশ সদস্য দলবদল করায় তাঁদের সংগঠনের শক্তি অনেকটাই বেড়েছে। তাঁর দাবি, শুধু মিনাখাঁ নয়, এলাকার আরও কয়েকটি পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান-সহ একাধিক সদস্য এনসিপিআইতে যোগ দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন।

এনসিপিআইয়ের দাবি, বসিরহাটে তৃণমূলের দখলে থাকা ১৩টি পঞ্চায়েত এবং দু’টি পঞ্চায়েত সমিতি দখলের লক্ষ্যে এগোচ্ছে তারা। কুলটি পঞ্চায়েতও তাদের দখলে এসেছে বলে দাবি করেছে দলটি। ওই পঞ্চায়েতের উপপ্রধান-সহ ১৩ জন সদস্য ইতিমধ্যে তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন বলে খবর।

মিনাখাঁর এই দলবদলের পর বসিরহাটের অন্যান্য পঞ্চায়েত এলাকাতেও রাজনৈতিক সমীকরণ বদলায় কি না, এখন সেদিকেই নজর।