কলকাতা থেকে ওড়ার পর মাঝ আকাশে বন্ধ ইঞ্জিন, জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

প্রতিনিধিত্বমূলক চিত্র

কলকাতা থেকে চেন্নাইগামী ইন্ডিগোর বিমানে বিপত্তি। চেন্নাই বিমানবন্দরে কলকাতা থেকে আসা ইন্ডিগো (IndiGo)-র একটি বিমানে ইঞ্জিনের সমস্যাকে কেন্দ্র করে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। মঙ্গলবার রাতে ইন্ডিগোর একটি যাত্রীবাহী বিমানের বাঁ দিকের ইঞ্জিনে হঠাৎই সমস্যা দেখা যায়। দ্রুত বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা নেয়। তবে শেষ পর্যন্ত বিমানটি ২২৪ জন যাত্রী নিয়ে নিরাপদে অবতরণ করে।

মঙ্গলবার রাতে 6E-723 বিমানটি মাঝ আকাশে হঠাৎই সমস্যার মুখে পড়ে। চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কলকাতা থেকে চেন্নাইগামী বিমানটির বাঁ দিকের ইঞ্জিন অকেজো হওয়ার পর রাত ১১টা ২৯ মিনিটে ফুল ইমার্জেন্সি ঘোষণা করা হয়। বিমানটির অবতরণের সময় ছিল রাত ১১টা ৩০ মিনিট। সেটি ১১টা ৩৭ মিনিটে পৌঁছবে বলে ঘোষণা করা হয়েছিল।

বিমানটি নিরাপদে অবতরণের জন্য রানওয়ের পাশে প্রয়োজনীয় জরুরি পরিষেবা ও সবরকম ব্যবস্থা প্রস্তুত রাখা হয়। শেষ পর্যন্ত রাত ১১টা ৩৭ মিনিটে রানওয়ে ২৫-এ বিমানটি নিরাপদে অবতরণ করে। বিমানটিতে মোট ২২৪ জন যাত্রী ছিলেন। বিমানটি নিরাপদে মাটিতে নামার পর রাত ১১টা ৪৭ মিনিটে ফুল ইমার্জেন্সি প্রত্যাহার করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এরপর থেকে সারাদিনই বিমানবন্দরের সমস্ত পরিষেবা ও উড়ান চলাচল স্বাভাবিক রয়েছে।


আরও পড়ুন: প্লাস্টিকের প্যাকেটে পানমশলা বিক্রির দিন শেষ, কাচ বা টিন ব্যবহারের নির্দেশ FSSAI-এর

উল্লেখ্য, গত মাসেও ইন্ডিগোর একটি আন্তর্জাতিক বিমান মাঝ আকাশে জরুরি পরিস্থিতির মুখে পড়ে। দুবাই থেকে মুম্বইগামী ওই বিমানে কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কতা পাওয়ার পর রাজকোট বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পাইলটরা দ্রুত এটিসির সঙ্গে যোগাযোগ করে অবতরণের অনুমতি চান। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রানওয়ের পাশে দমকলের গাড়ি মোতায়েন করা হয়েছিল।