মনোজ আগরওয়ালের মেয়াদ বাড়াতে কেন্দ্রের ছাড়পত্র

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের চাকরির মেয়াদ আরও ছ’মাস বাড়ানোর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মী, জনঅভিযোগ ও পেনশন মন্ত্রকের অধীন কর্মী ও প্রশিক্ষণ দপ্তর এই মর্মে একটি নির্দেশিকা জারি করে। তাতে জানানো হয়েছে, রাজ্য সরকারের ১৫ জুলাই পাঠানো প্রস্তাব বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, ১৯৯০ ব্যাচের আইএএস অফিসার মনোজ কুমার আগরওয়াল আগামী ১ অগস্ট, ২০২৬ থেকে ৩১ জানুয়ারি, ২০২৭ পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হিসেবে দায়িত্বে বহাল থাকবেন। অল ইন্ডিয়া সার্ভিস (ডিসিআরবি) রুলস, ১৯৫৮-এর রুল ১৬(১)-এর অধীনে এই পরিষেবা বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে।

নিজস্ব চিত্র

২৩ জুলাই জারি হওয়া এই চিঠিতে কেন্দ্রীয় সরকারের আন্ডার সেক্রেটারি রাজেশ কুমার যাদব স্বাক্ষর করেছেন। নির্দেশিকার অনুলিপি প্রধানমন্ত্রী দফতর, নবান্নের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর, মুখ্যসচিবের দফতর এবং নয়াদিল্লিতে পশ্চিমবঙ্গের রেসিডেন্ট কমিশনারের কাছেও পাঠানো হয়েছে।