হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর দিল্লি থেকে কলকাতায় ফিরেছেন বর্ষীয়ান সিপিএম নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই শুভেচ্ছাবার্তা বিমান বসুর কাছে পৌঁছে দিতে আলিমুদ্দিন স্ট্রিটে গিয়েছিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। সমাজমাধ্যমে সেই সাক্ষাতের কথা জানিয়ে রাজনৈতিক সৌজন্যের বার্তাই তুলে ধরেছেন তিনি।
কুণাল ঘোষ লেখেন, হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার দিল্লি থেকে কলকাতায় ফিরেছেন বিমান বসু। সন্ধ্যায় তাঁকে আরোগ্যের শুভেচ্ছাবার্তা পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। বিমান বসুর দ্রুত সুস্থতা কামনা করেছেন তৃণমূলনেত্রী।
বিমান বসুর শারীরিক অবস্থার কথাও জানিয়েছেন কুণাল। তিনি লেখেন, “বিমানদা এখন ভালো আছেন। তবে সংক্রমণ এড়ানোর জন্য চিকিৎসকরা আপাতত কদিন আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন।”
মমতার শুভেচ্ছাবার্তার বাহক হয়ে আলিমুদ্দিন স্ট্রিটে যাওয়ার অভিজ্ঞতাও সমাজমাধ্যমে তুলে ধরেছেন কুণাল। তাঁর কথায়, সেখানে মহম্মদ সেলিম ও সুখেন্দু পানিগ্রাহীর সঙ্গে সৌজন্যমূলক কথা হয়েছে। দীর্ঘদিন পর দেখা হয়েছে ‘বাবুদা’র সঙ্গেও। একসময় পেশাগত কারণে যে দফতরে প্রায় রোজ যেতেন, দীর্ঘ সময় পর সেখানে ফের যাওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি।
কুণাল আরও জানান, মমতার শুভেচ্ছাবার্তার জন্য সিপিএম নেতৃত্ব তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। রাজনৈতিক মতপার্থক্যের বাইরে এই সৌজন্যের আবহ বজায় রাখার বার্তাও দিয়েছেন তিনি। তাঁর কথায়, “এই পারস্পরিক সৌজন্য বেঁচে থাক।”
উল্লেখ্য, চিকিৎসার জন্য দিল্লির এইমসে ভর্তি হয়েছিলেন বিমান বসু। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হলেও পরে সিপিএমের তরফে জানানো হয়, তাঁর হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে। আপাতত উদ্বেগের কোনও কারণ নেই বলেও জানানো হয়। অস্ত্রোপচারের পর চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। বৃহস্পতিবারই দিল্লি থেকে কলকাতায় ফেরেন বামফ্রন্ট চেয়ারম্যান।