প্রকাশ্য অনুষ্ঠানে হেনস্থার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবারের অনুষ্ঠানে তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা এবং হেনস্থার অভিযোগে জরুরি ভিত্তিতে মামলা তালিকাভুক্ত করার আবেদন জানিয়েছিলেন তাঁর আইনজীবী। এমনকী, সোমবার মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত করার অনুমতিও চাওয়া হয়। কিন্তু সেই আর্জিতেও সায় দিল না কলকাতা হাইকোর্ট।
শুক্রবার আদালতে আইনজীবী জানান, প্রধান বিচারপতির বেঞ্চ আজ বসেনি। তাই বাধ্য হয়েই অন্য বেঞ্চে বিষয়টি উল্লেখ করতে হচ্ছে। তাঁর বক্তব্য, আগের দিন একটি অনুষ্ঠানে মহুয়া মৈত্রকে ভয়াবহভাবে হেনস্থার মুখে পড়তে হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে অন্তত সোমবার মামলাটি তালিকাভুক্ত করার অনুমতি দেওয়া হোক।
কিন্তু আইনজীবীর সেই আবেদন খারিজ করে দেয় বেঞ্চ। বিচারপতির স্পষ্ট বক্তব্য, ‘‘না, না, এভাবে কী করে অনুমতি দেওয়া যায়? আপনারা মামলা দায়ের করুন। প্রধান বিচারপতির কাছে উল্লেখ করুন। তিনি যদি মনে করেন বিষয়টিতে জরুরি শুনানির প্রয়োজন রয়েছে, তাহলে তিনিই মামলাটি শুনবেন।’’
অর্থাৎ, প্রধান বিচারপতির অনুমতি ছাড়া সোমবারই মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত করার কোনও বিশেষ ছাড়পত্র দিল না আদালত। ফলে ডিম ছোড়ার ঘটনা এবং প্রকাশ্য অনুষ্ঠানে হেনস্থার অভিযোগ ঘিরে মহুয়া মৈত্রের আইনি পদক্ষেপ আপাতত প্রধান বিচারপতির সিদ্ধান্তের অপেক্ষায়।
নজিরবিহীন পরিস্থিতি! ডিম ছোড়ার ঘটনায় মহুয়া মৈত্রের জরুরি মামলাও শুনতে নারাজ হাইকোর্ট
Photo: Representational Image