মহুয়াকে বাড়তি নিরাপত্তা হাইকোর্টের! সাংসদ কৃষ্ণনগরে গেলেই পুলিশি পাহারা

MP Mahua Maitra Photo-SNS

ক্রমাগত রাজনৈতিক আক্রমণের আশঙ্কা। সেই পরিস্থিতিতে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের পাশাপাশি পুলিশকেও সাংসদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

আদালতের নির্দেশ অনুযায়ী, মহুয়া মৈত্রকে আরও দু’জন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী দিতে হবে। শুধু তাই নয়, আগামী ৩০ দিন তিনি যখনই নিজের লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে যাবেন, তখনই তাঁকে প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তা দিতে হবে। কৃষ্ণনগর জেলা পুলিশ সুপারকে এই নির্দেশ কার্যকর করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

মঙ্গলবার আদালত জানিয়েছে, কৃষ্ণনগরে যাওয়ার অন্তত ৪৮ ঘণ্টা আগে জেলা পুলিশ সুপারকে সফরের কথা জানাতে হবে সাংসদকে। সেই অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা করবে পুলিশ।


মহুয়া মৈত্রের অভিযোগ, বিজেপি কর্মী-সমর্থকদের একাংশের কাছ থেকে ক্রমাগত আক্রমণের আশঙ্কা তৈরি হচ্ছে। সেই প্রেক্ষিতেই তাঁর নিরাপত্তা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সাংসদ।আগামী ১ অক্টোবর মামলাটির পরবর্তী শুনানি। ততদিন পর্যন্ত হাই কোর্টের এই নির্দেশ কার্যকর থাকবে।