যাত্রী সেজে ক্যাবে উঠে চালককে বন্দুক দেখিয়ে লুট, গ্রেপ্তার ৩

PIC- AI

অপরাধের পুরোনো মডিউল ফিরছে কলকাতার বুকে। যা প্রশ্ন তুলে দিচ্ছে শহরে রাতের নিরাপত্তা নিয়ে। সম্প্রতি যাত্রী সেজে ক্যাবে উঠে চালককে বন্দুক দেখিয়ে সর্বস্ব লুটের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করল কড়েয়া থানার পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে উত্তর শহরতলির নারায়ণপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম রাহুল সর্দার, মহম্মদ তাবরেজ ও তৌসিফ আলি।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে বারাসত থেকে কলকাতায় আসার জন্য অনলাইনে একটি ক্যাব বুক করেন তিন জন। গাড়িতে ওঠার কিছুক্ষণ পরেই চালকের উপর চড়াও হন তাঁরা। অভিযোগ, এক জন পিস্তল বের করে চালকের মাথায় ঠেকান। অন্য এক জন তাঁর গলার চেন ও আংটি খুলে নেন। এরপর চলন্ত গাড়িতেই জোর করে টাকা আদায়ের চেষ্টা করা হয়। এমনকী চালককে তাঁর বাড়িতে ফোন করে টাকা পাঠানোর জন্যও চাপ দেওয়া হয়।

তিলজলা রোড দিয়ে যাওয়ার সময়ও চলতে থাকে জুলুমবাজি। এর মধ্যেই ভোররাতে মাঝপথে আচমকাই গাড়ি খারাপ হয়ে যায়। সেই সুযোগে জানালা খুলে চিৎকার শুরু করেন চালক। পরিস্থিতি বেগতিক বুঝে তিন অভিযুক্তই গাড়ি থেকে নেমে পালিয়ে যান।


এরপর কড়েয়া থানায় অভিযোগ দায়ের করেন ক্যাবচালক। তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। বৃহস্পতিবার নারায়ণপুর থেকে তিন জনকে গ্রেপ্তার করা হয়।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে লুটের টাকা ও গয়না উদ্ধারের চেষ্টা চলছে। একই সঙ্গে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এবং এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।