দেশ তো আগেই ডিজিটাল হয়েছে। এবার সেই পথেই আরও এক ধাপ এগোল কলকাতা পুলিশের সদর দফতর লালবাজার। পুরনো মামলার বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বিশেষ পদক্ষেপ নিল তারা। বিচারাধীন প্রায় ৩৬০টি গুরুত্বপূর্ণ মামলা বেছে নেওয়া হয়েছে। এই মামলাগুলির বিচারপ্রক্রিয়ার উপর নজরদারি চালাতে তৈরি করা হচ্ছে ‘ট্রায়াল মনিটরিং অ্যাপ’। সম্প্রতি এই অ্যাপ তৈরির বিষয়েও একটি বৈঠক হয়েছে।
সূত্রের খবর, কোনও অপরাধের পর অভিযুক্তদের গ্রেপ্তার করাই শেষ লক্ষ্য নয়। তার পাশাপাশি দোষীরা যাতে আইনের চোখে উপযুক্ত সাজা পায়, সেদিকেও আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই লক্ষ্যেই লালবাজারের গোয়েন্দা বিভাগে তৈরি হয়েছে ‘ট্রায়াল মনিটরিং সেল’। এই শাখা বেছে নিয়েছে ৩৬০টি পুরনো মামলা। এর মধ্যে এমন কিছু মামলাও রয়েছে, যেগুলি রাজ্য পুলিশের আওতায় থাকলেও আদালতের নির্দেশে বর্তমানে সেগুলির দায়িত্ব কলকাতা পুলিশের হাতে। বাছাই করা মামলাগুলির মধ্যে রয়েছে পার্ক স্ট্রিটের অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনা, ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে বহু রোগীর মৃত্যুর মামলা, পাশাপাশি বিভিন্ন থানার একাধিক গুরুত্বপূর্ণ মামলা, যেগুলির এখনও নিষ্পত্তি হয়নি।
বিচারাধীন এই মামলাগুলির অনেকগুলির ক্ষেত্রেই তদন্তকারী আধিকারিক অবসর নিয়েছেন বা বদলি হয়ে গিয়েছেন। বহু মামলায় সাক্ষ্যদানের ক্ষেত্রেও সমস্যা রয়েছে। অনেক সাক্ষী সময়মতো আদালতে হাজিরা দিচ্ছেন না। আবার এমন অনেক মামলাও রয়েছে, যেখানে বিচারপর্ব শুরু হওয়ার আগে সব অভিযুক্ত একসঙ্গে আদালতে হাজির না হওয়ায় চার্জ গঠনই করা যাচ্ছে না।
এই বিচারপ্রক্রিয়ায় গতি আনতেই লালবাজার তৈরি করেছে বিশেষ ‘ট্রায়াল মনিটরিং সেল’। এই সেলের আধিকারিকরা তদন্তকারী আধিকারিক ও সরকারি আইনজীবীদের সঙ্গে আলোচনা করে কেন মামলাগুলির বিচারপ্রক্রিয়া ধীরগতিতে চলছে, তার পর্যালোচনা করছেন। লালবাজার সূত্রে জানা গিয়েছে, নতুন অ্যাপটিতে বিচারাধীন মামলাগুলির সমস্ত তথ্য সংরক্ষিত থাকবে।
এই অ্যাপের অ্যাক্সেস থাকবে কলকাতা পুলিশের ঊর্ধ্বতন কর্তাদের মোবাইলে। পাশাপাশি সরকারি আইনজীবী এবং আদালতও এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। প্রতিটি মামলা কোন পর্যায়ে রয়েছে, কতজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, কতজনের সাক্ষ্যগ্রহণ এখনও বাকি, কতজন অভিযুক্ত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন, কতজন জামিনে মুক্ত রয়েছেন, কোনও মামলায় এখনও পর্যন্ত কতবার শুনানি হয়েছে এবং পরবর্তী শুনানির তারিখ কবে— এই সংক্রান্ত সমস্ত তথ্য মিলবে এই অ্যাপে।