সাইবার হামলা রোধে তৎপর লালবাজার, তৈরি হচ্ছে এআই টাস্ক ফোর্স

Lalbazar Photo-SNS

ভার্চুয়াল জগতে জালের মতন বিস্তার করছে সাইবার অপরাধ। বর্তমান প্রজন্ম যত প্রযুক্তির ব্যবহার করছে, ততোই বিস্তার হচ্ছে অপরাধের জাল। এখন সাইবার অপরাধে আবার নতুন সংযোজন ডিজিটাল অ্যারেস্ট। এর আগেও সাইবার হামলা চালিয়ে বহু সরকারি ওয়েবসাইট নষ্ট করার চেষ্টা হয়েছে। এবার সাইবার হামলা রোধ ও অপরাধ দমনে পথে নামছে লালবাজার। এআই টাস্ক ফোর্স তৈরি করছে লালবাজার।

পুলিশ সূত্রের খবর, কলকাতা-সহ রাজ্যে এর আগেও বহুবার সাইবার হামলা হয়েছে। অনেক সরকারি ওয়েবসাইটের উপরেও হামলা হয়েছে। তবে হামলা হওয়ার আগেই যদি আগাম সতর্কতা মেলে তাহলে? গোয়েন্দারা মনে করছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই-এর সাহায্যে আগে থেকেই এই হামলার সতর্কবার্তা পাওয়া সম্ভব। তাই এআইকে গুরুত্ব দিয়ে লালবাজারের সাইবার অপরাধ শাখার আধিকারিকেরা নতুন এআই টাস্ক ফোর্স তৈরি করছে।

লালবাজারের এক কর্তা জানান, সাইবার অপরাধীকে শনাক্ত করার জন্য এআইকে ব‌্যবহার করা যেতে পারে।  তাই এই টাস্ক ফোর্স তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে। এই টাস্ক ফোর্সে কতজন আধিকারিক থাকবেন? তারা কীভাবে কাজ করবেন? তা নিয়েও লালবাজারের কর্তারা আলোচনা করছেন। লালবাজারের সাইবার বিশেষজ্ঞ আধিকারিকরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে অনেক কাজে ব্যবহার করতে চাইছেন। অচেনা কোনও কম্পিউটার ব‌্যবহার করে সাইবার অপরাধীরা যদি ম‌্যালওয়‌্যার প্রবেশ করাতে চায়, সেটাও শনাক্ত করতে পারবে এআই।


আরও পড়ুন: বিশ্বাসের সুযোগ নিয়ে হামলা পরিচারকের, প্রৌঢ়ার গলায় ছুরি ঠেকিয়ে লুট গয়না ও নগদ টাকা

অন্যদিকে, কোনও হ‌্যাকার সাইবার হুমকি দিলে তার ব‌্যবহারের প‌্যাটার্ন দেখে যে সাইবার হুমকি দিয়েছে, তাকে এআই শনাক্ত করতে পারবে। কোনও ফিশিং হামলার আগে সাইবার অপরাধীদের পাঠানো মেলের লিঙ্ক ও মেসেজ দেখে এআই তা আটকাতে পারবে। অনেক সময় সাইবার বিশেষজ্ঞদের অনেক সিগন্যাল চোখে পড়ে না। সেগুলি আগে থেকে জানা গেলে সাইবার হামলা আটকানো সম্ভব। এআই সেগুলি শনাক্ত করতে পারবে। দিন দিন বিভিন্ন বিষয় এআই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। এবার সেই এআইকে কাজে লাগিয়েই সাইবার অপরাধ রোধ করবে বলে আশা করছে লালবাজারের সাইবার বিশেষজ্ঞরা।