প্রশিক্ষণ শিবির থেকে ওয়াকআউট কুণাল ঘোষের

Image: ANI

রাজ্যের নবনির্বাচিত বিধায়কদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিয়েও মাঝপথে বেরিয়ে গেলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর তৃণমূল ভাঙানোর অভিযোগ তুলে তাঁদের কাছ থেকে প্রশিক্ষণ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানান তিনি।

শুক্রবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু হয়েছে দু’দিনের এই প্রশিক্ষণ শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যপাল আর এন রবি, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

কুণাল ঘোষ প্রথমে অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিধায়কদের জন্য নির্ধারিত ডেলিগেট কার্ড সংগ্রহ করেন। এরপরই তিনি শিবির ছেড়ে বেরিয়ে যান। পরে তিনি বলেন, বিধায়ক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকা তাঁর দায়িত্ব ছিল, তবে ওয়াকআউট করা ছিল ব্যক্তিগত সিদ্ধান্ত।

কুণালের অভিযোগ, লোকসভার স্পিকার ওম বিড়লা তৃণমূল ভাঙার খেলায় যুক্ত এবং দলত্যাগী সাংসদদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেননি। একইসঙ্গে বিধানসভার স্পিকারের বিরুদ্ধেও দলত্যাগীদের অনুমোদন দেওয়ার অভিযোগ তোলেন তিনি। তাঁর বক্তব্য, এমন ব্যক্তিদের কাছ থেকে তিনি সংসদীয় রীতিনীতি শিখতে চান না।


এর পরিবর্তে, প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই বিধানসভার নিয়মকানুন ও সংসদীয় শিষ্টাচার শেখার কথা জানান কুণাল ঘোষ। তাঁর এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।