শহরে মাদক পাচার ও মাদকাসক্তির পরিস্থিতি পর্যালোচনা করতে বুধবার লালবাজারে কলকাতা পুলিশের উদ্যোগে Narcotics Coordination (NCORD) ব্যবস্থার বৈঠক অনুষ্ঠিত হল। কলকাতার পুলিশ কমিশনারের সভাপতিত্বে হাইব্রিড মোডে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের পদস্থ আধিকারিক-সহ বিভিন্ন সরকারি ও আইনপ্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা।
বৈঠকে ছিলেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB), শুল্ক দফতর, স্কুল শিক্ষা দফতর, GST, আবগারি দফতর, ডিরেক্টরেট অফ ড্রাগ কন্ট্রোল, GRP ও RPF, সমাজকল্যাণ দফতর, ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI), কলকাতা বন্দর কর্তৃপক্ষ এবং পশ্চিমবঙ্গের Anti-Narcotics Task Force (ANTF)-এর প্রতিনিধিরা। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) বৈঠকের আহ্বায়ক ছিলেন।
কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৈঠকে কলকাতা পুলিশ এলাকায় মাদক সংক্রান্ত পরিস্থিতি এবং মাদক পাচার ও মাদক ব্যবহারের ক্ষেত্রে সাম্প্রতিক প্রবণতা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মাদক পাচার রুখতে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করা, দ্রুত গোয়েন্দা তথ্য আদানপ্রদান এবং যৌথ অভিযান বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়। মাদক পাচারের সম্ভাব্য রুট ও নেটওয়ার্ক চিহ্নিত করা, ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্ত করা এবং বিভিন্ন সংস্থার মধ্যে তথ্যের আদানপ্রদান আরও কার্যকর করার বিষয়েও আলোচনা হয়।
মাদক পাচারের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি ও গোয়েন্দা-তথ্যনির্ভর অভিযান এবং মাদকাসক্তি প্রতিরোধে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে।