উত্তর কলকাতার নির্বাচনী দায়িত্ব এবার সরাসরি কলকাতা পুরসভার কমিশনারের উপর অর্পিত হল। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে দায়িত্ব নির্ধারণের জন্য নির্বাচন কমিশন এই পদক্ষেপ করেছে। বর্তমানে কলকাতা পুরসভার কমিশনার হিসেবে দায়িত্বে রয়েছেন আইএএস অফিসার সুমিত গুপ্ত। তিনিই এবার উত্তর কলকাতার নির্বাচনী আধিকারিক বা ডিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।
পূর্বে ডিইও-র দায়িত্ব সংশ্লিষ্ট জেলার জেলাশাসককে দেওয়া হতো। তবে কলকাতায় জেলাশাসক না থাকায় কোনও দপ্তরের আইএএস পদমর্যাদার কর্মকর্তা দায়িত্বে থাকতেন। এবার থেকে এ নিয়ম পরিবর্তন করে সরাসরি পুরসভার কমিশনারকেই দায়িত্ব দেওয়া হলো।
প্রসঙ্গত, এখনও ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও কমিশনের ফুল বেঞ্চ ইতিমধ্যেই রাজ্যে এসে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখেছেন। প্রশাসন ও পুলিশের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গেও আলোচনা করা হয়েছে। সূত্রের খবর, দুই দিনের মধ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে।