রক্ষণাবেক্ষণের কাজ, রবিবার ব্লু লাইনে বন্ধ মেট্রোর একাংশ

Kolkata Metro Photo-SNS

রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী রবিবার, ১৩ সেপ্টেম্বর ব্লু লাইনে মেট্রো পরিষেবায় বড় পরিবর্তন করা হচ্ছে। কলকাতা মেট্রোর তরফে শুক্রবার প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই দিন গীতাঞ্জলি এবং কবি নজরুল মেট্রো স্টেশনের মধ্যে ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে। এর জেরে সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ব্লু লাইনের একাংশে মেট্রো চলাচল বন্ধ থাকবে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে কোনও মেট্রো পরিষেবা পাওয়া যাবে না। রক্ষণাবেক্ষণের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্যই এই সাময়িক পরিষেবা-বিঘ্ন বলে জানানো হয়েছে।

তবে এই সময়ের মধ্যে ব্লু লাইনের বাকি অংশে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলাচল চালু থাকবে। ফলে উত্তর কলকাতা এবং শহরের অন্যান্য অংশের যাত্রীদের জন্য পুরোপুরি মেট্রো পরিষেবা বন্ধ হচ্ছে না।


কলকাতা মেট্রোর তরফে আরও জানানো হয়েছে, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে গোটা ব্লু লাইনে ফের স্বাভাবিক পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সম্পূর্ণ পথে মেট্রো চলাচল শুরু হবে। তবে রক্ষণাবেক্ষণের কাজের পরিস্থিতির উপর সময় কিছুটা এগিয়ে-পিছিয়ে যেতে পারে। প্রেস বিজ্ঞপ্তিতে পরিষেবা স্বাভাবিক হওয়ার সময়কে আপাতত সম্ভাব্য সময় হিসেবে উল্লেখ করা হয়েছে।

রবিবার ছুটির দিনে যাত্রীদের একাংশের গন্তব্যে পৌঁছতে অসুবিধা হতে পারে। তাই যাত্রীদের আগে থেকেই বিষয়টি মাথায় রেখে যাতায়াতের পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে। সাময়িক এই পরিষেবা-বিঘ্নের জন্য যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।