লিভ-ইন সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন প্রেমিকা। তার জেরেই কি আক্রোশ? প্রেমিকার দুই পোষ্য কুকুরকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল লিভ-ইন সঙ্গী সঞ্জীব ভট্টাচার্যের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার বিক্রমগড়ের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন অভিনেত্রী তথা পশুপ্রেমী দেবলীনা দত্ত এবং বিভিন্ন পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। মৃত কুকুর দুটির ময়নাতদন্ত এবং অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হন তাঁরা।
জানা গিয়েছে, সঞ্জীব ভট্টাচার্য ও তাঁর প্রেমিকা, যিনি ডিজে পরীনোভা নামে পরিচিত, বিক্রমগড়ের একটি ফ্ল্যাটে একসঙ্গে থাকতেন। সম্প্রতি তাঁদের সম্পর্কে অবনতি হয়। আর একসঙ্গে থাকতে চাননি পরী। নিজের দুই পোষ্যকে সঞ্জীবের কাছে রেখেই ফ্ল্যাট ছেড়ে চলে যান তিনি।
অভিযোগ, শনিবার পরীকে ভিডিও কল করেন সঞ্জীব। সেই সময় পরী দেখতে পান, তাঁর একটি পোষ্য কুকুরকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। দৃশ্যটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। দ্রুত স্থানীয় এক যুবককে ফোন করে ফ্ল্যাটে যাওয়ার অনুরোধ করেন।
ওই যুবক সেখানে পৌঁছে দেখেন, দুটি কুকুরই মৃত অবস্থায় পড়ে রয়েছে। ফ্ল্যাটের ভিতরে ছড়িয়ে রয়েছে রক্ত। মৃতদের মধ্যে একটি দেশি কুকুর এবং অন্যটি বিগল প্রজাতির।
খবর পেয়ে ঘটনাস্থলে যান দেবলীনা দত্ত। তিনি রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গেও যোগাযোগ করেন এবং দ্রুত আইনি পদক্ষেপের আর্জি জানান। খবর দেওয়া হয় যাদবপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সঞ্জীবকে আটক করেছে।
প্রাথমিক অনুমান, ইট দিয়ে আঘাত করে কুকুর দুটিকে খুন করা হয়ে থাকতে পারে। অভিযুক্তের মানসিক অবস্থা নিয়েও প্রাথমিকভাবে প্রশ্ন তুলেছে পুলিশ। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
দেবলীনা দত্ত সমাজমাধ্যমে সরাসরি সম্প্রচার করে গোটা ঘটনার কথা জানান। দুই পোষ্যকে এভাবে হত্যার ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে পশুপ্রেমীদের মধ্যে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও উঠেছে।