এ বার সাইবার প্রতারণার শিকার হলেন রাজ্যের আদিবাসী উন্নয়ন দফতরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। অভিযোগ, তাঁর হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে পরিচিতদের কাছে টাকা চাওয়া হচ্ছে। এই ঘটনার কথা জানিয়ে সমাজমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করে সকলকে সতর্ক করেছেন তিনি।
ভিডিয়ো বার্তায় মন্ত্রী জানান, তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে তাঁর পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও পরিচিতদের কাছে টাকা চাওয়া হচ্ছে। পাশাপাশি বিভ্রান্তিকর বার্তাও পাঠানো হচ্ছে বলে অভিযোগ তাঁর। এই ধরনের কোনও বার্তা বা ফোন এলে তা বিশ্বাস না করার আবেদন জানিয়েছেন তিনি।
ক্ষুদিরাম টুডু স্পষ্টভাবে জানিয়েছেন, তাঁর নামে টাকা চেয়ে কোনও বার্তা বা ফোন এলে কোনও অবস্থাতেই টাকা পাঠানো বা সেই বার্তার উত্তর দেওয়া উচিত নয়। বিষয়টি নিয়ে সকলকে সতর্ক থাকারও আবেদন করেছেন তিনি। সাইবার প্রতারণার এই ঘটনার জেরে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে মন্ত্রীর পরিচিত মহলে।
সপ্তাহ দুয়েক আগেই দুর্ঘটনার মুখে মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী মালতি টুডু। গাড়ি নিয়ে বাঁকুড়ায় ফিরছিলেন তিনি। সেই সময়ে দুর্ঘটনার মুখে পড়েছিলেন। পূর্ব বর্ধমানের গলসির কাছে সারুল এলাকায় ফ্লাইওভারের উপর দুর্ঘটনাটি ঘটে। একটি ট্রাক সজোরে ধাক্কা মারে তাঁদের গাড়িকে।