ছ’দিন নিখোঁজ থাকার পর উদ্ধার কালিম্পঙের ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর শ্রীমান মুখোপাধ্যায়ের দেহ। বুধবার তিস্তা নদী থেকে তাঁর দেহ উদ্ধার হয়। তবে কী কারণে মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। নিখোঁজ হওয়ার পর এক জন প্রশাসনিক আধিকারিককে খুঁজে পেতে এতটা সময় লাগল কেন, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
২০১৫ সালের ডব্লিউবিসিএস ব্যাচের অফিসার ছিলেন শ্রীমান। রাজ্য সিভিল সার্ভিস পরীক্ষায় পঞ্চদশ স্থান অধিকার করেছিলেন তিনি। গত ৫ নভেম্বর থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। মোবাইলে ফোন করেও যোগাযোগ করতে পারেননি সহকর্মীরা।
এর পর কালিম্পঙে তাঁর আবাসনে গিয়ে খোঁজ করেন সহকর্মীরা। কিন্তু সেখানে তাঁকে পাওয়া যায়নি। বাড়িতেই পড়ে ছিল তাঁর মোবাইল ফোন। তাতেই উদ্বেগ বাড়ে সহকর্মীদের। শুরু হয় খোঁজাখুঁজি। শেষ পর্যন্ত বুধবার তিস্তা নদী থেকে উদ্ধার হয় তাঁর দেহ।
ঘটনার কথা শ্রীমানের স্ত্রী ও দুই কন্যাকে জানানো হয়। পরে পরিবারের সদস্যরা দেহ শনাক্ত করেন। ইতিমধ্যেই এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।
এই ঘটনায় রাজ্য প্রশাসনের আধিকারিকদের একাংশের মধ্যে একাধিক প্রশ্ন উঠেছে। কাজের অতিরিক্ত চাপের বিষয়টিও আলোচনায় এসেছে। নিখোঁজ হওয়ার পর তাঁকে খুঁজে বের করতে কী কী পদক্ষেপ করা হয়েছিল, তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন কেউ কেউ। যদিও জেলা প্রশাসনের একাংশের দাবি, শ্রীমানের খোঁজ পেতে যথাসাধ্য চেষ্টা করা হয়েছিল।
কালিম্পঙের পুলিশ সুপার অপরাজিতা রাই জানিয়েছেন, শ্রীমানের নিখোঁজ হওয়ার ঘটনায় একটি ডায়েরি করা হয়েছিল। বুধবার তাঁর দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে। কী ভাবে তাঁর মৃত্যু হল, তা খতিয়ে দেখছে পুলিশ।