বিজেপির ‘গেরুয়া ঝড়’ উধাও! বার কাউন্সিল দখলে কালীঘাট তৃণমূল, ২৩-এ ১৫ আসন

রাজ্যে পালাবদলের পর রাজ্য বার কাউন্সিলের নির্বাচনে ‘গেরুয়া ঝড়’-এর যে প্রত্যাশা তৈরি হয়েছিল, গণনার ফল প্রকাশের পর কার্যত তা উল্টে গেল। ২৩ আসনের পশ্চিমবঙ্গ বার কাউন্সিল নির্বাচনে নিরঙ্কুশ দাপট দেখাল কালীঘাট তৃণমূলের আইনজীবী সেল। ১৫টি আসন দখল করে ফের আইনজীবীদের সংগঠনে নিজেদের শক্তি প্রমাণ করল তৃণমূল। বিজেপির ল সেল আটকে রইল তিন আসনেই। কংগ্রেস পেল দু’টি আসন। বামপন্থী আইনজীবী সংগঠনও জয় পেয়েছে।

আট বছর পর রাজ্য বার কাউন্সিলের নির্বাচন ঘিরে আইনজীবী মহলে ছিল ব্যাপক আগ্রহ। রাজ্যের ১৮২টি বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা এই নির্বাচনে অংশ নেন। প্রায় ৭৫ হাজার আইনজীবী ভোট দিয়েছেন বলে তৃণমূল আইনজীবী সেলের তরফে জানানো হয়েছে।

কালীঘাট তৃণমূলের আইনজীবী সেলের নেতা সঞ্জয় বর্ধনের দাবি, ২০১৮ সালের ফলাফলের ধারাবাহিকতাই বজায় থাকল ২০২৬-এও। ২০১৮ সালের নির্বাচনে তৃণমূলের আইনজীবী সেল ১৫টি আসনে জয়ী হয়েছিল। বিজেপি পেয়েছিল তিনটি, কংগ্রেস দু’টি এবং বামপন্থী আইনজীবী সংগঠন তিনটি আসন পেয়েছিল। পরে তৃণমূলের অশোক দেব বার কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হন।


২০২৬-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পর অনেকেরই অনুমান ছিল, বার কাউন্সিলের ভোটে এবার বিজেপির পক্ষে হাওয়া বইবে। কিন্তু ৯ ও ১০ অগস্ট গণনার পর সেই প্রত্যাশায় জল ঢালল ফলাফল। বিজেপির ল সেল ২০১৮ সালের তিন আসনের গণ্ডিই পেরোতে পারল না।
এবারের নির্বাচনে চার জন মহিলা প্রার্থীও জয়ী হয়েছেন। ফলে বার কাউন্সিলের নতুন সমীকরণে মহিলা প্রতিনিধিত্বও নজর কেড়েছে।

রাজনীতির ময়দানে পালাবদল হলেও আইনজীবীদের ভোটে পুরনো দুর্গই ধরে রাখল তৃণমূল—এমনটাই দাবি কালীঘাট শিবিরের।