সোনাগাছির কার্তিক পুজো আর চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই। যৌনকর্মীদের উদ্যোগে শুরু হওয়া এই পুজো গত তিন বছর ধরে বৃহত্তর পরিসরে আয়োজন করা হচ্ছে। চলতি বছরে তৃতীয় বর্ষে পা দিল এই পুজো। মঙ্গলবার প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে পুজোর সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা।
বাংলার সংস্কৃতিতে কার্তিক পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। তবে সোনাগাছিতে কার্তিক ঠাকুরকে দেখার দৃষ্টিভঙ্গি কিছুটা আলাদা। প্রচলিত ধারণা অনুযায়ী, দুর্গা, সরস্বতী বা লক্ষ্মীর মতো কার্তিকও অনেকটা উপেক্ষিত। যৌনপল্লির মহিলারাও সমাজের একাংশের কাছে অবহেলার শিকার। সেই জায়গা থেকেই কার্তিক ঠাকুরের সঙ্গে নিজেদের মিল খুঁজে পান সোনাগাছির যৌনকর্মীরা।
এলাকার বহু যৌনকর্মীর কাছে কার্তিক ঠাকুর শুধু দেবতা নন, বরং স্বপ্নের সন্তান কিংবা আদর্শ বাবুর প্রতিচ্ছবি। এতদিন এই পুজো সোনাগাছির চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে গত তিন বছর ধরে ‘আমরা পদাতিক’-এর উদ্যোগে বৃহত্তর পরিসরে আয়োজন করা হচ্ছে এই পুজোর।
মঙ্গলবার বিকেলে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন পদ্মশ্রীপ্রাপক কাজী মাসুম আখতার এবং খনা মা। এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের তথ্য, সংস্কৃতি ও পর্যটন দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং জাতীয় মানবাধিকার কমিশনের অঞ্জন মুখোপাধ্যায়।
জাতীয় মানবাধিকার অপরাধ নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন অরূপ মুখোপাধ্যায় ও শমীক বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে যোগ দেন অখিল ভারত হিন্দু মহাসভার পশ্চিমবঙ্গের সভাপতি প্রদীপ আঢ্যও। তবে এ দিনের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল যৌনকর্মীদের সন্তানদের নাচ ও গানের অনুষ্ঠান।