কর্মসংস্থান ও গণপরিবহন ব্যবস্থার সংস্কারে বড় পদক্ষেপ, জানালেন পরিবহন মন্ত্রী

Image: SNS

রাজ্যজুড়ে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং সাধারণ মানুষের সুবিধার্থে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে একগুচ্ছ বার্তা দিলেন রাজ্য পরিবহন মন্ত্রী অর্জুন সিং। বৃহস্পতিবার নদিয়ার কল্যাণীতে আয়োজিত রোজগার মেলায় উপস্থিত হয়েছিলেন তিনি।
এদিন যানবাহন নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন মন্ত্রী জানান, সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী, প্রধান সড়কে টোটো চলাচল বেআইনি। তাই প্রধান সড়কে টোটো না চালিয়ে শুধুমাত্র গলি রাস্তা বা ছোট সংযোগকারী রাস্তায় তা চালানোর নির্দেশ পুনর্ব্যক্ত করা হয়েছে।
মারাত্মক শব্দ ও বায়ুদূষণ ঘটানো মোটর ভ্যানের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। চালকদের বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য ১ থেকে দেড় মাসের সময় দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময়ের পর কোনোভাবেই অবৈধ মোটর ভ্যান চলতে দেওয়া হবে না।
আইনের শাসন বজায় রাখার বিষয়ে কড়া বার্তা দিয়ে মন্ত্রী বলেন, পরিবহন ক্ষেত্রে কোনো তোলাবাজি, গ্যাং বা অসাধু চক্র বরদাস্ত করা হবে না। অনিবন্ধিত অটো ও ম্যাজিক গাড়ির ক্ষেত্রে প্রতিটি বিধানসভা এলাকায় ১০০টি করে অটো এবং ১০০টি করে ম্যাজিক গাড়ির অফিসিয়াল সরকারি পারমিট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্তদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট জানান, কোনো নেতা, ইউনিয়ন বা মাস্তানকে এক পয়সাও দেওয়ার প্রয়োজন নেই। সরকারি নিয়মনীতি মেনে আইনি কাঠামোর মধ্যে থেকে কাজ করার আহ্বান জানানো হচ্ছে।
পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণে পরিবহন মন্ত্রী জানান, যাত্রী পরিষেবা আরও উন্নত করতে আগামী দুর্গাপূজোর আগেই প্রায় ৫০০ থেকে ৬০০টি নতুন বাস নামানো হবে। এছাড়া আগামী বছর মার্চ মাসের মধ্যে রাজ্যে মোট ১,০০০টি নতুন বাস নামানোর পরিকল্পনা গ্রহণ করেছে পরিবহন দপ্তর।
শিল্পাঞ্চলের বন্ধ বা সমস্যাগ্রস্ত কারখানাগুলি পুনরায় চালু করা এবং কর্মসংস্থানের পরিধি বাড়াতে রাজ্য সরকারের ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরলেন অর্জুন সিং।
তিনি বলেন, যেসব কারখানায় আইনি আইনি জটিলতা বা শ্রম সংক্রান্ত সমস্যা রয়েছে, শ্রম দপ্তর ও শিল্প বাণিজ্য দপ্তরের মাধ্যমে তা দ্রুত সমাধান করার চেষ্টা চলছে। বিভিন্ন জটিলতা দূর করে ইতিমধ্যেই বেশ কিছু বন্ধ শিল্প ইউনিট পুনরায় চালু করা সম্ভব হয়েছে এবং নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে।