ধর্মের বেড়া পেরিয়ে ভালবেসে বিয়ে। আর সেই বিয়ের মাশুল দিতে হচ্ছে হুমকি আর আতঙ্কের মধ্যে দিন কাটিয়ে! বিয়ে ভেঙে না দিলে খুন করা হবে, পুড়িয়ে দেওয়া হবে বাড়ি—এমনই ভয়াবহ হুমকির মুখে পড়ার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক ভিন্নধর্মী দম্পতি। তাঁদের পাশে দাঁড়িয়ে ব্যক্তিস্বাধীনতা ও সাংবিধানিক অধিকারের প্রশ্নে স্পষ্ট বার্তা দিল আদালত। নিজের জীবনসঙ্গী বেছে নেওয়া প্রত্যেক নাগরিকের অধিকার। সেই অধিকারে হস্তক্ষেপ করার অধিকার কারও নেই। দম্পতি ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, “ভারতীয় সংবিধানের তৃতীয় ভাগ অনুযায়ী দেশের প্রত্যেক নাগরিকের নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার রয়েছে। কোনওভাবেই সেই অধিকারে হস্তক্ষেপ করা উচিত নয়।” অর্থাৎ, দু’জন প্রাপ্তবয়স্ক মানুষ নিজেদের সম্মতিতে একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিলে সেখানে অন্য কারও আপত্তি বা চাপের কোনও জায়গা নেই। ধর্মীয় পরিচয় সেই ব্যক্তিস্বাধীনতার পথে বাধা হতে পারে না।
আদালতে দম্পতির অভিযোগ, তাঁদের বিয়ের বিজ্ঞপ্তি একটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত ওয়েব পোর্টালে প্রকাশিত হয়েছিল। সেখান থেকেই কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা বিয়ের কথা জানতে পারেন। পরে সেই তথ্য সংগঠনের অন্য সদস্যদের মধ্যেও ছড়িয়ে দেওয়া হয়। অভিযোগ, তার পর থেকেই শুরু হয় হুমকি ও হেনস্থা। বিয়ে ভেঙে না দিলে খুন করা হবে, এমনকী বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হবে বলেও ভয় দেখানো হয়। শুধু দম্পতি নন, তাঁদের পরিবারের সদস্যদেরও হুমকির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ।
দম্পতির আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় আদালতে জানান, তাঁরা কোনও সংঘাত চান না। নিজেদের মতো করে স্বাভাবিক দাম্পত্য জীবন কাটাতে চান। কিন্তু ক্রমাগত হুমকির জেরে সেই জীবনই আতঙ্কের হয়ে উঠেছে। তাঁদের একমাত্র আবেদন, ভয়ভীতি ছাড়া একসঙ্গে বেঁচে থাকার পরিবেশ নিশ্চিত করা হোক।
এ দিন আদালতে হলফনামা পেশ করেন ওই মহিলা। সেখানে তিনি স্পষ্ট জানান, নিজের ইচ্ছাতেই এই বিয়ে করেছেন। স্বামীর সঙ্গে দাম্পত্য জীবন চালিয়ে যেতে চান। মহিলার হলফনামা খতিয়ে দেখে বিচারপতি জানান, নিজের বিবাহিত জীবন বজায় রাখার বিষয়ে তিনি যথেষ্ট দৃঢ়প্রতিজ্ঞ। তাঁর সিদ্ধান্তে স্বেচ্ছাসম্মতির বিষয়টিও স্পষ্ট।
এর পরেই দম্পতি ও তাঁদের পরিবারের সদস্যদের উপযুক্ত পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেয় আদালত।
ভালবাসার সম্পর্কে ধর্মীয় পরিচয়কে সামনে রেখে হুমকি, ভয় দেখানো কিংবা সামাজিক চাপ তৈরির বিরুদ্ধে হাইকোর্টের এই অবস্থান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। আদালতের বার্তা স্পষ্ট,কে কার সঙ্গে জীবন কাটাবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার ব্যক্তির নিজের। সেই সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করার অধিকার কোনও সংগঠন বা গোষ্ঠীর নেই।