১ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে ইন্দ্রনীল সেন, নতুন ব্যাঙ্ক লেনদেনের তথ্য পুলিশের হাতে

Indranil Sen Image: IANS

দুর্গাপুজোর প্রিভিউ পাস বিক্রিতে দুর্নীতির অভিযোগে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের জেল হেফাজতের মেয়াদ বাড়ল। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। শনিবার ভারচুয়ালি আদালতে পেশ করা হলে বিচারক এই নির্দেশ দেন। অন্যদিকে, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখতে গিয়ে নতুন কিছু আর্থিক তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা। সেই সূত্র ধরে জেলে গিয়ে ইন্দ্রনীলকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।

এদিন আদালতে সরকারি আইনজীবী জানান, তদন্তে নতুন কিছু ব্যাঙ্ক লেনদেনের তথ্য সামনে এসেছে। সেই সূত্র ধরে ইন্দ্রনীলকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এর আগে তদন্তে ২৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছিলেন আধিকারিকরা। সেগুলির লেনদেন খতিয়ে দেখার কাজ চলছিল। এবার আরও কয়েকটি আর্থিক লেনদেনের তথ্য হাতে আসায় তদন্তের পরিধি বাড়ছে।

অন্যদিকে, আদালতের নির্দেশে ইন্দ্রনীল সেনকে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দেওয়া হয়েছে। এদিন তাঁর আইনজীবী সোমনাথ সান্যাল জেল হেফাজতে বাড়ির রান্না করা খাবার দেওয়ার আবেদন জানান।


দুর্গাপুজোর প্রিভিউ পাস বিক্রিকে কেন্দ্র করেই এই মামলার সূত্রপাত। অভিযোগ, প্রতিটি পাস ৪ হাজার টাকা করে বিক্রি করা হয়েছিল। পাশাপাশি, প্রভাব খাটিয়ে পাসে ইউনেসকোর লোগো ব্যবহারের অভিযোগও উঠেছে। এই উদ্যোগের জন্য মোট ২৪টি পুজোকে বেছে নেওয়া হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।

তদন্তকারীদের অনুমান, ২৭টি অ্যাকাউন্টের বাইরেও আরও একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক লেনদেন হয়ে থাকতে পারে। সেই অ্যাকাউন্টগুলির সঙ্গে ইন্দ্রনীল সেনের যোগসূত্র খতিয়ে দেখতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ।