সুপ্রিম কোর্টে শুনানি হল না রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদনের। মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন বিচারপতি দীপঙ্কর দত্ত। ব্যক্তি ইন্দ্রনীল সেন এবং তাঁর সঙ্গে সম্পর্কিত মামলার বিষয়ে আগে যুক্ত থাকার কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। আগামী ২ নভেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
দুর্গাপুজোর পাস বিক্রি ঘিরে বিতর্কে জড়িয়েছেন ইন্দ্রনীল সেন। তাঁর স্ত্রী এবং তাঁদের সংস্থা ‘মাস আর্ট’-এর নামও উঠে এসেছে এই অভিযোগে। অভিযোগ, ইউনেস্কোর নাম ব্যবহার করে চড়া দামে বিক্রি করা হয়েছে ভিআইপি পাস ও টিকিট। এই ঘটনায় তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইন্দ্রনীলের বাড়িতে তল্লাশিও চালিয়েছেন তদন্তকারীরা।
তদন্তের সূত্রে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে কলকাতার সিজিও কমপ্লেক্সে দু’বার তলব করা হয়েছিল। সেখানে তাঁকে ১০ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। এরপর গ্রেফতারি এড়াতে কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেন ইন্দ্রনীল। কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়। হাই কোর্টে স্বস্তি না মেলায় গ্রেফতারির আশঙ্কায় এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।
মঙ্গলবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগুর বেঞ্চে মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত ছিল। কিন্তু বিচারপতি দীপঙ্কর দত্ত নিজেকে সরিয়ে নেওয়ায় শুনানি হয়নি। এ বার মামলাটি নতুন বেঞ্চে পাঠানোর জন্য প্রধান বিচারপতির কাছে যাবে। আগামী ২ নভেম্বর মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা।