ইন্দ্রনীল-মধুছন্দার সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তলব

PIC- SNS

ইউনেস্কোর নাম করে দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’ এবং ‘প্রিভিলেজড প্রি-পুজো এন্ট্রি’-র টিকিট বিক্রির অভিযোগে বিপাকে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুছন্দা সেন। তাঁদের সংস্থা ‘মাস আর্ট’-এর ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত তথ্য তলব করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, সারা বছর সংস্থাটির অ্যাকাউন্টে কী ধরনের লেনদেন হয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। মামলার পরবর্তী শুনানি ২৭ আগস্ট।

আদালতে ইন্দ্রনীলের আইনজীবী জানান, পুজোর আগে ২৪টি নির্বাচিত পুজো কমিটিকে নিয়ে ‘প্রিভিউ শো’-এর আয়োজন করা হত। তার জন্য টিকিটের টাকা নেওয়া হয়েছে। এতদিন কেউ এ নিয়ে অভিযোগও করেননি।

অন্যদিকে রাজ্যের আইনজীবী রাজদীপ মজুমদারের দাবি, ইন্দ্রনীলের স্ত্রী-সহ কয়েকজন মিলে ‘মাস আর্ট’ নামে একটি সোসাইটি তৈরি করেন। ২০২২ সালে তৈরি ওই সংস্থা কলকাতার ২৪টি পুজো কমিটির সঙ্গে চুক্তি করে। ফরেন্সিক অডিটে প্রায় ২.৯ কোটি টাকার লেনদেনের হদিশ মিলেছে বলেও আদালতে দাবি করেন তিনি।


রাজ্যের অভিযোগ, ইউনেস্কোর নাম ব্যবহার করে টিকিট বিক্রি করা হত এবং নির্দিষ্ট অনুপাতে টাকা ভাগ হওয়ার পর বাকি অর্থ অভিযুক্তদের কাছে যেত। এমনকি রাজ্যের আইনজীবী বিষয়টিকে ‘আরজি করের মতো তিন স্তরের দুর্নীতি’ বলেও আদালতে উল্লেখ করেন।

বিচারপতি প্রশ্ন করেন, ‘‘দুর্গাপুজো প্রোমোটিং ছাড়া মাস আর্টের আর কোনও কাজ ছিল?’’ এরপরই সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

ইন্দ্রনীল সেনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিতে তাঁরা প্রস্তুত। এখন নজর ২৭ আগাস্টের শুনানিতে।