গুড়াপে শিশুকন্যাকে ধর্ষণ-খুন, অশোকের ফাঁসির সাজা বহাল হাইকোর্টে, ক্ষতিপূরণ বাড়ল

Photo: Representational Image

২০২৪ সালে হুগলির গুড়াপে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী অশোক সিংহের ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ জেলা আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখে। তবে আগামী তিন মাসের মধ্যে ওই সাজা কার্যকর করা যাবে না। এই সময়ের মধ্যে সুপ্রিম কোর্টে আবেদন জানানোর সুযোগ পাবেন অশোক।

জেলা আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অশোক। ফাঁসির সাজা মকুবের আবেদন জানান তিনি। অন্যদিকে, রাজ্য সরকারের তরফে জেলা আদালতের নির্দেশ বহাল রাখার আবেদন জানানো হয়। এই মামলায় রাজ্যের পক্ষ থেকে বিশেষ কৌঁসুলিও নিয়োগ করা হয়েছিল।

মঙ্গলবার মামলার শুনানিতে হাইকোর্ট জানায়, অত্যন্ত নির্মম অপরাধ করেছেন অশোক। তাঁর সাজা কমানো বা লঘু করার কোনও যুক্তি নেই। যে অপরাধ তিনি করেছেন, তার জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি। ফলে জেলা আদালতের নির্দেশে হস্তক্ষেপ করার কোনও কারণ দেখেনি ডিভিশন বেঞ্চ।


ঘটনাটি ২০২৪ সালের। হুগলির গুড়াপে পাঁচ বছর ১০ মাসের এক শিশুকন্যাকে প্রথমে ধর্ষণ করা হয়। পরে খুন করা হয় তাকে। খোঁজাখুঁজির পর অশোকের ঘর থেকেই শিশুটির দেহ উদ্ধার হয়। এই ঘটনায় গ্রেফতার করা হয় অশোককে।

২০২৫ সালে হুগলি জেলা আদালত অশোককে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন তিনি। দীর্ঘদিন ধরে চলে সওয়াল-জবাব। শেষ পর্যন্ত মঙ্গলবার জেলা আদালতের দেওয়া ফাঁসির সাজাই বহাল রাখল কলকাতা হাইকোর্ট।

পাশাপাশি, শিশুকন্যার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশেও পরিবর্তন এনেছে হাইকোর্ট। জেলা আদালত ক্ষতিপূরণ বাবদ ১০ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল। মঙ্গলবার সেই অঙ্ক বাড়িয়ে ১৫ লক্ষ টাকা করা হয়েছে।

তবে হাইকোর্টের নির্দেশের পরও এখনই কার্যকর হচ্ছে না মৃত্যুদণ্ড। সুপ্রিম কোর্টে আবেদন জানানোর জন্য অশোককে তিন মাস সময় দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে তিনি সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হতে পারবেন। তার আগে ফাঁসির সাজা কার্যকর করা যাবে না।