শওকত মোল্লার ভাইয়ের ইটভাটায় বিজেপি সমর্থকের ঝুলন্ত দেহ

প্রতীকী চিত্র

দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দেউলি গ্রাম পঞ্চায়েতের পয়না এলাকার একটি ইটভাটার ঘর থেকে সোমবার সকালে উদ্ধার হয় এক ব্যক্তির ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, মৃতের নাম দুধকুমার সর্দার। তিনি জীবনতলার হরিণদা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে ইটভাটার শ্রমিকরাই প্রথম ঘরের ভিতরে ঝুলন্ত দেহ দেখতে পান। এরপর খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন। তাঁদের অভিযোগ, দুধকুমার সর্দারকে খুন করে পরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। এরপর সোমবার সকালে ইটভাটা থেকে তাঁর দেহ উদ্ধার হয়। মৃত দুধকুমার এলাকায় বিজেপির সক্রিয় সমর্থক হিসেবে পরিচিত ছিলেন বলে দাবি স্থানীয়দের একাংশের। রাজনৈতিক পরিবর্তনের আবহে এই মৃত্যু ঘিরে জল্পনা আরও বেড়েছে। জানা গিয়েছে, যে ইটভাটা থেকে দেহ উদ্ধার হয়েছে সেটির মালিক শাহজাহান মোল্লা, যিনি তৃণমূল নেতা শওকত মোল্লার ভাই।


প্রসঙ্গত, শওকত মোল্লা দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্ব কেন্দ্রের প্রাক্তন বিধায়ক এবং সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ভাঙড় কেন্দ্রের তৃণমূল প্রার্থী ছিলেন। ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপি যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট সুমন মণ্ডল বলেন, ‘মৃত দুধকুমার বিজেপির সক্রিয় কর্মী ছিলেন। ভোটের সময়ে একাধিক মিটিং-মিছিলেও গিয়েছিলেন। আমরা চাই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক।‘ ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।