ধর্মতলার পাঁচতারা হোটেলের ঘর থেকে উদ্ধার জার্মান নাগরিকের দেহ। সোমবার সকালে হোটেলের ১৬০২ নম্বর ঘর থেকে ৬৭ বছর বয়সি ওই ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম নিলসন থমাস। তিনি জার্মানির বার্লিনের বাসিন্দা।
হোটেল সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ মার্কেট থানার পুলিশ। দেহ উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের অপেক্ষায় রয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখা।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, গত ২১ নভেম্বর শনিবার কলকাতায় আসেন নিলসন। চৌরঙ্গি এলাকার ওই পাঁচতারা হোটেলে ওঠেন তিনি। ১৬০২ নম্বর ঘরে ছিলেন ওই জার্মান নাগরিক। আগামী ২৫ নভেম্বর তাঁর হোটেল ছাড়ার কথা ছিল।
হোটেল কর্মীদের দাবি, রবিবার সন্ধ্যায় হাঁটতে বেরিয়েছিলেন নিলসন। কিছুক্ষণ পর ঘরে ফিরে তিনি অসুস্থ বোধ করছেন বলে জানান। সোমবার সকালে তাঁর ঘরে প্রাতরাশ পৌঁছে দিতে যান হোটেলের কর্মীরা। বারবার দরজায় ধাক্কা দিয়েও কোনও সাড়া মেলেনি।
এর পর হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান কর্মীরা। কর্তৃপক্ষের উপস্থিতিতে অতিরিক্ত চাবি দিয়ে ঘরের দরজা খুলতেই নিলসনকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর দেওয়া হয় পুলিশে।
পুলিশের প্রাথমিক তদন্তে মৃত্যুর কারণ নিয়ে একাধিক সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এটি আত্মহত্যার ঘটনা, নাকি হৃদ্যন্ত্রের সমস্যা বা অন্য কোনও শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। পাশাপাশি, মৃতের পরিচিত ও হোটেল কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ রাখছে পুলিশ।