গার্ডেনরিচ হাসপাতালে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ, পুলিশের উপর হামলায় গ্রেফতার ৩

File Photo

গার্ডেনরিচ স্টেট জেনারেল হাসপাতালে গোলমাল পাকানো, ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর মতো মন্তব্য এবং কর্তব্যরত পুলিশকর্মীদের উপর হামলার অভিযোগে তিন জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ধৃতেরা নিজেদের আইএসএফ সমর্থক বলে দাবি করেছিলেন বলে পুলিশ সূত্রে খবর। শুক্রবার সকালে লালবাজারের তরফে এই গ্রেফতারির কথা জানানো হয়েছে।

কলকাতা পুলিশের বিবৃতি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ নাদিয়ালের গার্ডেনরিচ স্টেট জেনারেল হাসপাতালে ঘটনাটি ঘটে। খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের অভিযোগ, হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টারের কাছে নির্দিষ্ট একটি নিষিদ্ধ এলাকায় জোর করে ঢুকে ভিডিয়ো করছিলেন তিন জন। পাশাপাশি ধর্মীয় বিদ্বেষ ছড়াতে পারে, এমন মন্তব্য করে উত্তেজনা তৈরির চেষ্টা করা হচ্ছিল বলেও অভিযোগ।

সেই সময় কর্তব্যরত পুলিশকর্মী পলাশ ঠাকুর এবং মহম্মদ আজিবুদ্দিন ওই তিন জনকে উত্তেজনা ছড়ানোর মতো মন্তব্য করা থেকে বিরত থাকতে এবং নিষিদ্ধ এলাকা ছেড়ে বেরিয়ে যেতে বলেন। পুলিশের দাবি, নির্দেশ অমান্য করে ওই তিন জন দুই পুলিশকর্মীর উপর হামলা চালান।


এর পর হাসপাতাল চত্বরে পৌঁছে পুলিশ চার জনকে আটক করে থানায় নিয়ে যায়। তাঁদের মধ্যে ছিলেন শেখ সেলিম, মহম্মদ সাহিল এবং সানাউল্লাহ খান। জিজ্ঞাসাবাদের পর প্রাথমিক তদন্তে তাঁদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলায় তিন জনকে গ্রেফতার করা হয় বলে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে।

ঘটনার পিছনে আর কোনও ব্যক্তি বা সংগঠনের ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।