ঘটনার সূত্রপাত গত ২৫ অক্টোবর। উত্তর ২৪ পরগনার গাইঘাটায় উদ্ধার হয় ১৭ বছরের এক কিশোরীর দেহ। আগের রাতে বাড়ির কাছেই একটি জলসা দেখতে গিয়েছিল সে। সেখানে উপস্থিত ছিলেন তার বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যেরাও। রাতভর চলেছিল অনুষ্ঠান। পরিবারের দাবি, রাত সাড়ে ১১টা নাগাদ কিশোরীর মোবাইলে একটি ফোন আসে। ফোন পাওয়ার পরই জলসা ছেড়ে বেরিয়ে যায় সে। তার পর থেকে আর কোনও খোঁজ পাওয়া যায়নি।
পরের দিন সকালে এলাকার কাছেই উদ্ধার হয় কিশোরীর বিবস্ত্র ও ক্ষতবিক্ষত দেহ। পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। শুরু হয় পুলিশি তদন্ত। প্রাথমিক তদন্তের ভিত্তিতে দেহ উদ্ধারের দিনই কিশোরীর দূর সম্পর্কের আত্মীয় প্রহ্লাদ দাসকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান, কিশোরীর কাছে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়েছিলেন প্রহ্লাদ। তাতে রাজি না হওয়ায় ভারী কোনও বস্তু দিয়ে তার মাথায় আঘাত করেন অভিযুক্ত। এর ফলে জ্ঞান হারায় কিশোরী। তার পর তার উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় কিশোরীকে ফেলে রেখে এলাকা ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত। পুলিশ সূত্রের দাবি, ধৃতের শরীরেও ধস্তাধস্তি এবং নখের আঁচড়ের চিহ্ন মিলেছিল। সেই সূত্র ধরেই তদন্তে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করেন তদন্তকারীরা।
এর পর ২৭ অক্টোবর রাতে অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনার পুনর্নির্মাণের প্রক্রিয়া চলছিল। পুলিশের দাবি, সেই পর্ব শেষে ফেরার সময় পুলিশকর্মীদের উপর হামলা চালান প্রহ্লাদ। এক পর্যায়ে পুলিশের রিভলভার কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। পুলিশের অভিযোগ, সেই সময় তিন রাউন্ড গুলি চালান অভিযুক্ত। ঘটনায় এক পুলিশকর্মী জখম হন। যদিও ওই কর্মীর গুলি লেগেছিল কি না, তা স্পষ্ট নয়।
পুলিশের ব্যবহৃত গাড়িতেও একটি গুলির দাগ পাওয়া যায় বলে সূত্রের দাবি। পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, আত্মরক্ষার জন্য পাল্টা চার রাউন্ড গুলি চালান পুলিশকর্মীরা। পুলিশের গুলিতে মৃত্যু হয় প্রহ্লাদের। এই ঘটনাকে কেন্দ্র করেই এ বার তদন্তে নেমেছে সিআইডি।
সিআইডির প্রতিনিধি দল ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি গুলির অবস্থান এবং সংঘর্ষের পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। অভিযুক্ত ঠিক কোথা থেকে পালানোর চেষ্টা করেছিলেন, কোন জায়গায় গুলি চলেছিল এবং পুলিশের গাড়িতে কী ভাবে গুলির দাগ তৈরি হল, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পুলিশের বয়ান ও ঘটনাস্থলে পাওয়া তথ্যপ্রমাণের মধ্যে কোনও অসঙ্গতি রয়েছে কি না, তা-ও তদন্তের আওতায় আসতে পারে।
নাবালিকা ধর্ষণ ও খুনের মতো গুরুতর অপরাধের তদন্তের পাশাপাশি অভিযুক্তের পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনাও এখন পৃথক ভাবে খতিয়ে দেখা হচ্ছে। এনকাউন্টারের সময় ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল, পুলিশের গুলিচালনার যৌক্তিকতা এবং গোটা ঘটনার ধারাবাহিকতা—সব কিছুই সিআইডির তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।