শিশুদের দৃষ্টিশক্তির সমস্যা যাতে পড়াশোনার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেই লক্ষ্যেই পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশে বিশেষ চক্ষু স্বাস্থ্য কর্মসূচি শুরু করল দাউদি বোহরা সম্প্রদায়ের জনহিতকর উদ্যোগ ‘প্রজেক্ট রাইজ’। সিবিএম ইন্ডিয়া ট্রাস্টের সঙ্গে যৌথ উদ্যোগে ‘ভিশন ফর এভরি চাইল্ড’ নামে চার মাসের এই কর্মসূচি চালু হয়েছে।
কলকাতার তপসিয়া রোডের বুরহানি কমপ্লেক্সে কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে স্যার সৈয়দ আহমেদ হাই স্কুলে আয়োজন করা হয় প্রাথমিক চক্ষু পরীক্ষার শিবির। উদ্যোগের আওতায় পশ্চিমবঙ্গের হাওড়া এবং মধ্যপ্রদেশের শেহোরের ৩০টিরও বেশি সরকারি স্কুলের প্রায় ২০ হাজার পড়ুয়ার চোখ পরীক্ষা করা হবে। যাদের প্রয়োজন, তাদের বিনামূল্যে চশমা দেওয়া হবে। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো এবং প্রয়োজন হলে অস্ত্রোপচারের জন্যও সহায়তা করা হবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিবিএম ইন্ডিয়া ট্রাস্টের এক্সেকিউটিভ ডিরেক্টর, সোনি থমাস, পশ্চিমবঙ্গ পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ-সহ দাউদি বোহরা সম্প্রদায়ের সদস্যরা।
কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ হল শিক্ষক প্রশিক্ষণ। ২০০-র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তাঁরা শ্রেণিকক্ষে শিশুদের দৃষ্টিশক্তির সমস্যার প্রাথমিক লক্ষণ শনাক্ত করতে পারেন। দূর থেকে বোর্ড দেখতে না পাওয়া, পড়তে অসুবিধা বা বারবার পাঠ বুঝতে সমস্যার মতো বিষয়গুলির দিকে নজর দিতে শেখানো হবে তাঁদের।
প্রজেক্ট রাইজের কলকাতা সমন্বয়কারী তাহের তোতানাওয়ালা বলেন, স্বাস্থ্য ও শিক্ষার মতো দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে এই উদ্যোগ একত্রিত করেছে। তাঁর মতে, চিকিৎসাযোগ্য দৃষ্টিশক্তির সমস্যার কারণে কোনও শিশুর পড়াশোনায় পিছিয়ে পড়া উচিত নয়।
সিবিএম ইন্ডিয়া ট্রাস্টের নির্বাহী পরিচালক সোনি থমাসও জানান, শুধু চোখ পরীক্ষা করাই এই উদ্যোগের লক্ষ্য নয়। প্রয়োজনীয় চশমা, চিকিৎসা, বিশেষজ্ঞের পরামর্শ এবং পরবর্তী পরিচর্যা নিশ্চিত করাই কর্মসূচির মূল উদ্দেশ্য।
স্যার সৈয়দ আহমেদ হাই স্কুলের অধ্যক্ষ মোহতাশিম সুলাইমান, বলেন, “প্রথম যে শিশুদের পরীক্ষা করা হয়েছিল তাদের মধ্যে পাওয়া অনেক সমস্যাই ছিল সহজে চিকিৎসাযোগ্য। এই শিশুদের মধ্যে কেউ কেউ বেশ কিছুদিন ধরেই ব্ল্যাকবোর্ড পড়তে সমস্যায় ভুগছিল, কারণ তাদের চোখ পরীক্ষা করানোর কথা কেউ ভাবেনি।”