পুর নিয়োগ মামলায় ইডি দপ্তরে মদনের বড় ছেলে

MLA Madan Mitra Photo-SNS

তৃণমূল আমলে নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য। পরিস্থিতি এমনই ছিল যে এই জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। এই ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশি হেপাজতে যেতে হয়েছিল রাজ্যের একাধিক হেভিওয়েট নেতাদের। সেই সঙ্গে একাধিক নেতাদের জিজ্ঞাসাবাদ করাও হয়েছিল।  আর সেই তালিকাতে ছিলেন মদন মিত্রও।

এবারে পুর নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার ইডির ডাকে সিজিও কমপ্লেক্সে হাজির হলেন মদন মিত্রের বড় ছেলে স্বরূপ মিত্র। এর আগের দিন, ইডি আধিকারিকরা তাঁর ছোট ছেলে শুভরূপ মিত্রকে টানা ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছেন। আজ বড় ছেলে স্বরূপ হাজিরা দিল, এবং ওদের মা অর্চনা মিত্রকেও ইডি তলব করেছে। মদন মিত্র নিজেও ২৯ জুলাই হাজিরা দেবেন একই কমপ্লেক্সে।

কয়েকদিন আগেই ইডি মদন মিত্রের স্ত্রী আর দুই ছেলেকে হাজিরার নোটিস পাঠিয়েছিল। এই নোটিসের কিছুদিন পরেই মদন মিত্র তৃণমূল ছেড়ে ঋতব্রতর শিবিরে চলে যান। এই নিয়েও জলঘোলা শুরু হয়। তখন মদন মিত্র বলেছিলেন, ‘ইডির চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়-ই বেশি ভয়ংকর।’ মদন জানিয়েছিলেন, তিনি এবং তাঁর পরিবার তদন্তে সবরকম সহযোগিতা করবেন এমনকি স্ত্রী আর ছেলেরাও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন। সে অনুযায়ী বুধবার ছোট ছেলে শুভরূপকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, প্রায় ৯ ঘণ্টা ধরে। তার ঠিক পরদিন, বড় ছেলে স্বরূপ হাজিরা দিল ইডি দপ্তরে। ওকে ব্যাঙ্কের নথি আনতে বলা হয়েছিল। সে নথিগুলো সে এনেছে কিনা, সেটা স্পষ্ট হয়নি। সাংবাদিকরা জিজ্ঞেস করতেই স্বরূপ জানিয়ে দেন, ‘আগামীকাল মা যাচ্ছেন কমপ্লেক্সে।’


ইডির দাবি, টিটাগড় পুরসভায় নাকি মোটা টাকার বিনিময়ে ১২৫ জন চাকরি পেয়েছিলেন। সেই সূত্র ধরেই তদন্তে মদন মিত্রের নাম ওঠে। ইডি অনেক জায়গায় তল্লাশি চালায় বিধায়কের বাড়ি, অফিস, আরও নানা জায়গা। মদন মিত্রকেও ডেকে জিজ্ঞাসাবাদ করে। পরে মদনের দুই ছেলে শুভরূপ ও স্বরূপকে তলব করা হয়, সঙ্গে স্ত্রী অর্চনাকেও। ইডি এখন খুঁজছে নিয়োগের নামে অবৈধ ভাবে কোনও লেনদেন হয়েছিল কি না। তাই ব্যাঙ্কের নথি-সহ আরও কিছু তথ্য চাওয়া হচ্ছে মদন মিত্রের পরিবার থেকে। আর, এই মামলার জন্য আগামী ২৯ জুলাই মদন মিত্রকেও হাজিরা দিতে বলা হয়েছে।