ট্রেনে মোবাইলে জোরে গান বা ভিডিয়ো চালালেই জরিমানা! ছ’মাস জেলও হতে পারে, কড়া নির্দেশিকা পূর্ব রেলের

ট্রেনের কামরা বা স্টেশন চত্বরে মোবাইলে জোরে গান শোনা, ভিডিয়ো দেখা কিংবা তারস্বরে কথা বলার অভ্যাসে এ বার রাশ টানতে উদ্যোগী পূর্ব রেল। এ ধরনের আচরণের বিরুদ্ধে সহযাত্রীর অভিযোগ জমা পড়লে সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে জরিমানা, এমনকি জেলের সাজাও হতে পারে। সম্প্রতি এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে পূর্ব রেল। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, গণপরিবহণে অন্য যাত্রীদের অসুবিধায় ফেলে এমন কোনও আচরণ বরদাস্ত করা হবে না। পূর্ব রেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বহু যাত্রী। একই সঙ্গে কলকাতা মেট্রো এবং বাস-সহ অন্যান্য গণপরিবহণেও এমন নিয়ম চালুর দাবি উঠেছে।

এর আগে একই ধরনের পদক্ষেপের কথা জানিয়েছিল দক্ষিণ রেল। সেই সময়েও রাজ্যের গণপরিবহণে এমন বিধিনিষেধ চালুর দাবি উঠেছিল। পূর্ব রেলের সদর দফতর কলকাতায়। হাওড়া, শিয়ালদহ এবং কলকাতা স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের পাশাপাশি লোকাল ট্রেনও পরিচালনা করে এই রেল। দীর্ঘদিন ধরেই ট্রেনের কামরায় মোবাইলে উচ্চস্বরে গান বাজানো, ভিডিয়ো দেখা কিংবা জোরে কথা বলা নিয়ে যাত্রীদের একাংশের অভিযোগ জমা পড়ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এ বার কড়া অবস্থান নিল পূর্ব রেল।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেন বা স্টেশন চত্বরে কোনও যাত্রী মোবাইলে জোরে গান শুনলে, ভিডিয়ো দেখলে কিংবা উচ্চস্বরে কথা বলে অন্যদের বিরক্ত করলে অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। নিয়মভঙ্গের জন্য সর্বোচ্চ ১০০০ টাকা জরিমানা অথবা ছ’মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। প্রয়োজনে জরিমানা ও কারাদণ্ড, দুটোই হতে পারে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে যাত্রীদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে রেল।


যাত্রীদের সতর্ক করতে একাধিক পদক্ষেপের নির্দেশও দেওয়া হয়েছে রেলের কর্মীদের। ট্রেনের কামরায় নোটিস বা স্টিকার লাগিয়ে এই নিয়ম সম্পর্কে যাত্রীদের জানাতে হবে। পাশাপাশি স্টেশনগুলিতে মাইকের মাধ্যমে বার বার সচেতনতামূলক ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়েছে। হিন্দি, ইংরেজি এবং সংশ্লিষ্ট এলাকার আঞ্চলিক ভাষায় এই ঘোষণা করতে বলা হয়েছে।

নির্দেশিকায় ঘোষণার বিষয়বস্তুও নির্দিষ্ট করে দিয়েছে পূর্ব রেল। যাত্রীদের উদ্দেশে জানাতে হবে, ট্রেন বা স্টেশন চত্বরে ভ্রমণের সময় উচ্চস্বরে গান বাজানো, ভিডিয়ো দেখা কিংবা চিৎকার করে কথা বলা থেকে বিরত থাকতে হবে। মোবাইলের রিংটোনের আওয়াজ কমিয়ে রাখতে হবে। প্রয়োজনে ফোন সাইলেন্ট মোডে রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

রেলের নির্দেশিকায় আরও বলা হয়েছে, এ ধরনের আচরণ যদি উপদ্রবের পর্যায়ে পৌঁছয়, তা হলে রেল আইনের ১৪৫ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ পাওয়ার পর টিকিট পরীক্ষক অথবা তাঁর ঊর্ধ্বতন আধিকারিকেরা প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবেন। এ বিষয়ে পূর্ব রেলের সদর দফতর থেকে সমস্ত স্টেশনে চিঠি পাঠানো হয়েছে। হাওড়া, শিয়ালদহ, আসানসোল এবং মালদহ—চারটি ডিভিশনের অধীন সমস্ত স্টেশনেই এই নির্দেশ কার্যকর করার কথা জানানো হয়েছে।

উল্লেখ্য, গত মাসেই একই ধরনের উদ্যোগের কথা জানিয়েছিল দক্ষিণ রেল। পূর্ব রেলের নির্দেশিকাতেও ২০১২ সালের ২৩ জুলাই জারি হওয়া একটি পুরনো নির্দেশের উল্লেখ রয়েছে। সেই নির্দেশিকাতেও মোবাইলে উচ্চস্বরে কথা বলা এবং জোরে রিংটোন বাজানো থেকে যাত্রীদের বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। রেলের বক্তব্য, এই ধরনের আচরণে সহযাত্রীদের অসুবিধা হয়। বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় এমন পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে।

তবে শুধু ট্রেনেই নয়, কলকাতা মেট্রো এবং অন্যান্য গণপরিবহণেও প্রায়ই এমন অভিজ্ঞতার মুখে পড়তে হয় যাত্রীদের। কসবার বাসিন্দা সুমন দাসের কর্মস্থল চাঁদনি চক। তাঁর অভিযোগ, ভিড় মেট্রোয় অনেক যাত্রী মোবাইলে উচ্চস্বরে রিলস দেখেন। বার বার নিষেধ করেও কোনও লাভ হয়নি। তাই এখন আর কাউকে কিছু বলেন না তিনি। একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন বাঁশদ্রোণীর বাসিন্দা অরুণিমা পালও। তাঁর মতে, ট্রেনের মতো মেট্রোতেও যদি এমন নিয়ম চালু করা হয়, তা হলে যাত্রীদের সুবিধা হবে।

যদিও আপাতত কলকাতা মেট্রো কর্তৃপক্ষের এ বিষয়ে নতুন করে কোনও পদক্ষেপ করার সিদ্ধান্ত নেই। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই সংক্রান্ত কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। রাজ্য পরিবহণ দফতরও এখনই বাস-সহ অন্যান্য গণপরিবহণে এমন বিধিনিষেধ চালুর কথা ভাবছে না। ফলে পূর্ব রেলের এই নির্দেশিকা কার্যকর হওয়ার পর অন্য পরিবহণ ব্যবস্থাতেও একই ধরনের নিয়ম চালু হয় কি না, সে দিকেই নজর যাত্রীদের।