রাখিবন্ধন উপলক্ষে তারকেশ্বরে যাওয়া পুণ্যার্থী ও যাত্রীদের সম্ভাব্য ভিড় সামাল দিতে পূর্ব রেল বিশেষ ব্যবস্থা নিয়েছে। ২৮ আগস্ট শুক্রবার হাওড়া-শেওড়াফুলি-তারকেশ্বর শাখায় বিশেষ ইএমইউ ট্রেন চালানো হবে।
হাওড়া থেকে তারকেশ্বরে যাওয়া দুটি বিশেষ ইএমইউ ট্রেন হাওড়া থেকে ভোর ৪টায় এবং সকাল ৭টা ৪৫ মিনিটে ছাড়বে। তারকেশ্বর পৌঁছবে যথাক্রমে ৫টা ৩০ মিনিট এবং ৯টা ১৫ মিনিটে।
তারকেশ্বর থেকে হাওড়া যাওয়া দুটি বিশেষ ট্রেন সকাল ৬টায় এবং ১০টা ৪৫ মিনিটে ছাড়বে। হাওড়ায় পৌঁছবে যথাক্রমে ৭টা ৩০ মিনিট এবং দুপুর ১২টা ১৫ মিনিটে।
শেওড়াফুলি থেকে তারকেশ্বরে যাওয়া বিশেষ ট্রেন দুপুর ১২টা ৪০ মিনিটে ছাড়বে এবং দুপুর ১টা ৩০ মিনিটে তারকেশ্বর পৌঁছবে। বিপরীত দিকে তারকেশ্বর থেকে শেওড়াফুলি যাওয়া বিশেষ ট্রেন সকাল ১১টা ৪০ মিনিটে ছাড়বে এবং দুপুর ১টা ৩০ মিনিটে শেওড়াফুলি পৌঁছবে।
এই বিশেষ ট্রেনগুলি সব স্টেশনে থামবে। রাখিবন্ধনের দিনে তারকেশ্বরে যাত্রীদের ভিড় হতে পারে বলে এই ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে শ্রাবণী মেলা উপলক্ষ্যেও বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা করেছিল পূর্ব রেল। ২০ ও ২৭ জুলাই এবং ৩, ১০, ১৭ ও ২৪ আগস্ট — এই ছয়টি সোমবার মোট ছয় জোড়া হাওড়া-তারকেশ্বর-হাওড়া বিশেষ ইএমইউ ট্রেন চলবে। গভীর রাত থেকে ভোর পর্যন্ত ধাপে ধাপে ট্রেনগুলি ছাড়বে, যাতে ভক্তরা ভোরের মধ্যেই তারকেশ্বরে পৌঁছে শিবদর্শন ও জলাভিষেক করতে পারেন। দর্শন শেষে একইভাবে বিশেষ ট্রেনে হাওড়ায় ফেরার ব্যবস্থাও রাখা হয়েছে। হাওড়া থেকেই নয়, গঙ্গাজল সংগ্রহের অন্যতম কেন্দ্র শেওড়াফুলির গুরুত্ব বিবেচনা করে সেখান থেকেও ছয় জোড়া বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ব্যান্ডেল ও শেওড়াফুলির মধ্যে আরও দু’জোড়া বিশেষ ট্রেন চলবে, যাতে হুগলি ও পার্শ্ববর্তী এলাকার ভক্তদের যাতায়াত আরও সহজ হয়।