৩০ মিনিটে পরিষ্কার করার নিশ্চয়তা, শিয়ালদহে বিশেষ অভিযানে পূর্ব রেল

ফাইল ছবি

রেলের পরিচ্ছন্নতা ব্যবস্থাকে আরও দ্রুত ও কার্যকর করতে নতুন উদ্যোগ নিতে চলেছে পূর্ব রেল। ‘অভিযোগের ৩০ মিনিটের মধ্যে পরিষ্কার করার নিশ্চয়তা’ শীর্ষক বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের দ্বিতীয় পর্যায়ের সূচনা হবে শনিবার শিয়ালদহ স্টেশনে। পূর্ব রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত এই বিশেষ অভিযান চলবে।

পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের উদ্যোগে শুরু হওয়া এই কর্মসূচির মূল লক্ষ্য যাত্রীদের দ্রুত পরিষেবা দেওয়া এবং পরিচ্ছন্নতা অভিযানে সাধারণ মানুষকেও আরও সক্রিয়ভাবে যুক্ত করা। অভিযোগ জানানোর পর নির্দিষ্ট সময়ের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিব্রাম মাঝির স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সকাল সাড়ে ১১টায় শিয়ালদহ স্টেশনের ক্রু লবিতে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে। একই সঙ্গে সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।


রেল সূত্রের খবর, স্টেশন চত্বর, প্ল্যাটফর্ম এবং যাত্রী পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন এলাকায় দ্রুত পরিচ্ছন্নতা বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পর ৩০ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হলে যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।

পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি যাত্রীদের সচেতন করতেও জোর দেওয়া হবে বলে জানা গিয়েছে। রেল আধিকারিকদের মতে, শুধু রেল কর্মীদের উপর নির্ভর না করে যাত্রীদেরও পরিচ্ছন্নতা বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। পূর্ব রেলের এই উদ্যোগকে ইতিবাচক বলেই মনে করছেন নিত্যযাত্রীরা। তাঁদের বক্তব্য, শিয়ালদহের মতো ব্যস্ত স্টেশনে দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা চালু হলে যাত্রী পরিষেবার মান আরও উন্নত হবে।