রক্ষণাবেক্ষণের কাজের জন্য নভেম্বর ও ডিসেম্বরের চারটি রবিবার ব্লু লাইনে মেট্রো চলাচল আংশিক বন্ধ থাকবে। ১৫, ২২, ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশনের মধ্যে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেট্রো চলবে না। ওই সময় দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত পরিষেবা চালু থাকবে। ফলে জয় হিন্দ বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা মিলবে না। যাত্রীদের মাঝপথে মেট্রো বদল করতে হবে।
ওই চার দিন দক্ষিণেশ্বর ও মহানায়ক উত্তমকুমার—দু’দিক থেকেই প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়। শেষ মেট্রো ছাড়ার সময়সূচিতে কোনও বদল হচ্ছে না। শহিদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বর থেকে শেষ পরিষেবা যথারীতি মিলবে। সন্ধ্যা ৬টার পরে গোটা ব্লু লাইনে মেট্রো চলাচল স্বাভাবিক করার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়াও, ১৩ ডিসেম্বর রবিবার ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশনের মধ্যে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে। ওই সময় দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত পরিষেবা চালু থাকবে। ফলে ওই দিনও জয় হিন্দ বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা পাওয়া যাবে না।
১৩ ডিসেম্বর দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়। ময়দান থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ১৫ মিনিটে। শেষ মেট্রোর সময়সূচি অপরিবর্তিত থাকবে। সন্ধ্যা ৬টার পরে গোটা ব্লু লাইনে পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ওই রবিবারগুলিতে ইয়েলো ও গ্রিন লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে। তবে রবিবার হওয়ায় পার্পল ও অরেঞ্জ লাইনে কোনও মেট্রো চলবে না।