সাজপোশাক থেকে স্টাইল স্টেটমেন্ট, আবার চোখা যুক্তিতে রাজনৈতিক প্রতিপক্ষকে জবাব দেওয়া, সবেতেই নজর কাড়েন বামনেত্রী দীপ্সিতা ধর। এবার তাঁকে ঘিরেই শুরু হয়েছে বিয়ের জল্পনা। শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি! পাত্র কেরলমের বাসিন্দা বলেও ছড়িয়েছে খবর। তবে এই সমস্ত জল্পনায় জল ঢেলে নিজেই মুখ খুললেন দীপ্সিতা। স্পষ্ট জানিয়ে দিলেন, অদূর ভবিষ্যতে বিয়ের কোনও পরিকল্পনাই নেই তাঁর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়ে রীতিমতো মজার ছলেই জবাব দেন দীপ্সিতা। তাঁর কথায়, “যাঁরা এসব জেনেছেন, তাঁরা যদি আমাকেও জানিয়ে দেন কোথায়, কার সঙ্গে আমার বিয়ে হবে, তা হলে আমিও বাধিত থাকব। আমি যাঁর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছি, তিনিও জানেন না যে ডিসেম্বরে আমি তাঁকে বিয়ে করব!”
কেরলমের পাত্রের প্রসঙ্গ উঠলেও একই সুরে জবাব দেন বামনেত্রী। তাঁর কথায়, “কেরলমের কেউ যদি থেকেও থাকেন, তিনিও জানেন না যে তিনি আমার পাত্র। আমিও এখানে এসে এই প্রথম এসব জানতে পারছি। ডিসেম্বরে কেন, সাম্প্রতিক সময়ে আমার বিয়ে করার কোনও সম্ভাবনাই নেই।”
তবে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেননি দীপ্সিতা। বরং বিয়ে নিয়ে নিজের ভাবনার কথা স্পষ্ট করে জানিয়েছেন তিনি। তাঁর মতে, বিয়ে দু’জন মানুষের পারস্পরিক সিদ্ধান্ত। যে মানুষটির সঙ্গে তিনি জীবন কাটাতে চান, সেই সিদ্ধান্ত দু’জনকেই একসঙ্গে নিতে হবে। কিন্তু এই মুহূর্তে তাঁদের বিয়ের কোনও পরিকল্পনা নেই।
দীপ্সিতার কথায়, আপাতত দু’জনকেই নিজেদের ব্যক্তিগত জীবন ও কর্মজীবন নিয়ে থিতু হতে হবে। আগামী পাঁচ বা দশ বছর কীভাবে কাটাবেন, সেই পরিকল্পনাও এখনও চূড়ান্ত হয়নি। ভবিষ্যতে দু’জনের ভাবনা ও পরিকল্পনা যদি একই জায়গায় এসে মেলে, তা হলে বিয়ে নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। আপাতত অবশ্য সে পথে হাঁটার কোনও তাড়াহুড়ো নেই।
রাজনীতির ময়দানে পরিচিত মুখ দীপ্সিতা ধর। বামপন্থী রাজনৈতিক আবহে বেড়ে ওঠা এই তরুণ নেত্রীর পরিবারও দীর্ঘদিনের বাম রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর দাদু পদ্মনিধি ধর হাওড়ার ডোমজুড়ের তিনবারের বিধায়ক ছিলেন। ছোটবেলা থেকেই বামপন্থী রাজনীতির সঙ্গে পরিচয় দীপ্সিতার। ‘কিশোর বাহিনী’র মতো সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
আশুতোষ কলেজ থেকে স্নাতক হওয়ার পর দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি করেন দীপ্সিতা। কলেজজীবনেই ছাত্র রাজনীতিতে যোগ দেন। যুক্ত হন ভারতের ছাত্র ফেডারেশনের সঙ্গে। পরবর্তী সময়ে বিধানসভা ও লোকসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। তরুণ বামনেত্রী হিসেবে রাজনৈতিক মহলে তাঁর পরিচিতি যথেষ্ট। তবে আপাতত রাজনীতি ও কর্মজীবনেই মন দিতে চান দীপ্সিতা। বিয়ের জল্পনায় নিজেই ইতি টেনে বুঝিয়ে দিলেন, ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনও সময় রয়েছে।