বাংলাজুড়ে ক্রমশ নামছে তাপমাত্রার পারদ। গত দু’দিনে ২ থেকে ৩ ডিগ্রি কমেছে তাপমাত্রা। শীতের আমেজে মেতেছে বঙ্গবাসী। তবে সেই আনন্দে জল ঢালতে পারে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপ। শক্তি বাড়িয়ে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা। এর জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাদ পড়বে না কলকাতাও।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপ রবিবার গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ এবং সোমবার সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার বিভিন্ন মডেলের পূর্বাভাস অনুযায়ী, অর্ণব ও মুরার মতো এই ঘূর্ণিঝড়েরও অভিমুখ হতে পারে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। বিশাখাপত্তনম ও বিজয়ওয়াড়ার মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’।
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে, ঝাড়গ্রাম, কলকাতা, হুগলি ও হাওড়ায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবারের জন্যও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
তবে নিম্নচাপের বিশেষ প্রভাব পড়বে না উত্তরবঙ্গে। আপাতত উত্তরের পাঁচ জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা। রবিবার ও সোমবার দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই।
এদিকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রার কিছুটা হেরফের হতে পারে। তবে আগামী তিন দিন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি বেশি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। ফলে শীতের আমেজের মধ্যেই সপ্তাহের মাঝামাঝি থেকে বৃষ্টির ভ্রুকুটি বাংলার আকাশে।