করুণাময়ীতে ভয়াবহ দুর্ঘটনা, হাইড্রোলিক লিফট ধসে মৃত্যু কন্ডাক্টরের

শহরের অন্যতম ব্যস্ত পরিবহণ কেন্দ্র করুণাময়ী বাস টার্মিনাসে বৃহস্পতিবার ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। হাইড্রোলিক লিফটের সাহায্যে ওপরে তোলা একটি বাস আচমকাই নেমে আসায় তার নীচে চাপা পড়ে মৃত্যু হল এক কন্ডাক্টরের। মৃতের নাম রাজু দাস। বাড়ি মধ্যমগ্রাম এলাকায়। তিনি ওই বাসেই কন্ডাক্টর হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, করুণাময়ী টার্মিনাসে দাঁড়িয়ে থাকা বাসটি সেদিন আচমকা স্টার্ট নিচ্ছিল না। ফলে যান্ত্রিক পরীক্ষা করার জন্য হাইড্রোলিক লিফট দিয়ে বাসটিকে উঁচু করা হয়েছিল। নিয়ম অনুযায়ী, লিফট ধীরে ধীরে নামার কথা থাকলেও আচমকাই তা দ্রুত গতিতে নেমে আসে। সেই সময়েই বাসের নীচে ছিলেন রাজু। পরিস্থিতি বোঝার আগেই ভারী বাসটি তাঁর উপর এসে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত কর্মী ও যাত্রীরা তড়িঘড়ি লিফট সরিয়ে তাঁকে উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু চিকিৎসকরা জানান, গুরুতর চাপে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।

এই ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। হাইড্রোলিক লিফটে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, নাকি পরিচালনার ভুল, তা  খতিয়ে দেখা হচ্ছে।


প্রসঙ্গত, শহরের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র হিসেবে পরিচিত এই টার্মিনাস থেকে কলকাতার বিভিন্ন রুট ছাড়াও রাজ্যের নানা প্রান্তে বাস চলাচল করে। ফলে এমন দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে পরিবহণ মহলে।