ডাক্তারিতে ভর্তি করানোর নামে এক তরুণীর পরিবারের কাছ থেকে ২৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল একটি কাউন্সেলিং সংস্থার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোদপুরে। জানা গিয়েছে, এই ঘটনায় ঘোলা থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিত তরুণী।
কাউন্সেলিং সংস্থাটির অফিস যেহেতু দক্ষিণ কলকাতার লেক থানা এলাকায়, তাই জিরো এফআইআর করে মামলাটি লেক থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, ভুক্তভোগী তরুণীর বাবা রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মী। ২০২২ সালে মেয়েকে ডাক্তারিতে ভর্তি করানোর জন্য যোধপুর গার্ডেনের ওই কাউন্সেলিং সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলেন তাঁরা। অভিযোগ, একটি মেডিক্যাল কলেজে তাঁর মেয়েকে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। পাশাপাশি, ভর্তি করাতে না পারলে পুরো টাকা ফেরত দেওয়ার আশ্বাসও দেওয়া হয় ওই কাউন্সেলিং সংস্থার তরফে।
তরুণীর বাবার দাবি, মেয়ের ভর্তির জন্য ওই সংস্থাকে প্রায় ৩৫ লক্ষ টাকা দিয়েছিলেন তিনি। কয়েক দফায় ওই টাকা দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত মেয়েকে ভর্তি করাতে পারেনি সংস্থাটি। পরে সংস্থার তরফে জানানো হয়, তারা আর ভর্তি করাতে পারবে না।
অভিযোগ, অনেক চেষ্টা করে মাত্র ১০ লক্ষ টাকা ফেরত পান তরুণীর বাবা। বাকি টাকা আর ফেরত দেওয়া হয়নি। এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় অভিযুক্তদের তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।