কলেজ স্ট্রিটে মিনি বইমেলা ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক এসএফআই সদস্যরা

প্রতীকী ছবি (File Photo: Twitter | @CPIM_WESTBENGAL)

কলেজ স্ট্রিটে মিনি বইমেলা ঘিরে মঙ্গলবার পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তিতে জড়ালেন এসএফআই সদস্যরা। পুলিশের দাবি, কলেজ স্ট্রিটের রাস্তায় বসে বই বিক্রির কোনও অনুমতি ছিল না।

তা সত্ত্বেও রাস্তা আটকে বইয়ের পসরা সাজিয়ে বসেছিলেন সংগঠনের সদস্যরা। তাঁদের সরাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কয়েকজনকে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ।

উৎসবের মরশুমে বামপন্থী ও প্রগতিশীল সাহিত্যের স্টলে হামলার প্রতিবাদে ১৭ থেকে ১৯ নভেম্বর কলেজ স্ট্রিটে মিনি বইমেলার আয়োজন করে সিপিএম ও এসএফআই। মহাবোধি সোসাইটি হলের সামনে ন্যাশনাল বুক এজেন্সির উদ্যোগে এই কর্মসূচি হওয়ার কথা ছিল। আয়োজকদের দাবি, মেলার জন্য আগাম পুলিশের অনুমতিও নেওয়া হয়েছিল।


মঙ্গলবার সকালে বইয়ের স্টল সাজাতে গেলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। এ নিয়ে পুলিশের সঙ্গে কথা বলতে যান এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। দীর্ঘক্ষণ আলোচনা হলেও স্টল বসানোর অনুমতি মেলেনি বলে দাবি সংগঠনের।

এরপর প্রতিবাদে কলেজ স্ট্রিটের রাস্তাতেই বই সাজিয়ে বসে পড়েন এসএফআই সদস্যরা। ব্যস্ত সময়ে রাস্তা আটকে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়। তাঁদের সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে পুলিশ।

ঘটনার পর ফেসবুকে সরব হন দেবাঞ্জন দে। প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি লেখেন, ‘আমাদের হাতিয়ার বই, বই, আরও বই, আরও বই। যুদ্ধে অবতীর্ণ হও সবাই।’