নিউটাউনে ২ কোটি টাকা উদ্ধারের ঘটনায় CID-র জেরার মুখে টুলু মণ্ডল, ২৬ নভেম্বর হাইকোর্টে মামলার শুনানি

নিউটাউনে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় তদন্তের গতি বাড়াল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ CID। শুক্রবার দুপুর ২টো নাগাদ CID-র তলবে ভবানী ভবনে হাজিরা দেন বীরভূমের পাথর খাদান ব্যবসায়ী নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল। এর আগে সিউড়িতে তাঁর বাড়িতে আইনি নোটিস সাঁটিয়ে শুক্রবার দুপুর ২টোর মধ্যে ভবানী ভবনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনেই নির্ধারিত সময়ে CID দফতরে পৌঁছন তিনি।

এই ঘটনার সূত্রপাত ২০২৫ সালের ১৬ নভেম্বর। সেদিন নিউটাউনের আকাঙ্ক্ষা মোড়ে একটি স্করপিও গাড়ি আটক করে ৫ কোটি টাকা উদ্ধার করেছিল বেঙ্গল STF। ওই ঘটনায় টুলু মণ্ডলের ম্যানেজার হিসেবে পরিচিত আক্রাম খান ও ইমরান খানকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের গ্রেফতারির পর উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অর্থের উৎস এবং আর্থিক লেনদেন নিয়ে তদন্ত শুরু হয়। সেই তদন্তের সূত্র ধরেই এবার CID-র জিজ্ঞাসাবাদের মুখে বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল।

অন্যদিকে, নিউটাউনে উদ্ধার হওয়া প্রায় ২ কোটি টাকা সংক্রান্ত একটি পুরনো মামলার সূত্র ধরেও তদন্ত চালাচ্ছে CID। উদ্ধার হওয়া অর্থের উৎস এবং তার লেনদেনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। টুলু মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করেছে CID। ওই দলে রয়েছেন DSP পদমর্যাদার এক আধিকারিক, একজন ইন্সপেক্টর-ইন-চার্জ এবং তিনজন সাব-ইন্সপেক্টর। ভবানী ভবনে এই বিশেষ দলের আধিকারিকরাই তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন।

উল্লেখ্য, তদন্তের মাঝেই দেশ ছেড়ে বিদেশে চলে গিয়েছিলেন টুলু মণ্ডল। পরে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত ১৭ নভেম্বর দেশে ফেরেন তিনি। এরপর তাঁর বিরুদ্ধে জারি হওয়া লুকআউট নোটিস এবং তদন্তের বিষয়টি নিয়ে আইনি জটিলতা তৈরি হয়। কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ চেয়ে আবেদনও করেন তিনি। তবে আপাতত সেই আর্জিতে স্বস্তি মেলেনি। বরং মামলার পরবর্তী শুনানিতে রাজ্যকে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।


এদিকে, টুলু মণ্ডলের মামলার পরবর্তী শুনানি আগামী ২৬ নভেম্বর। শুক্রবার আদালতে তাঁর আইনজীবী কিশোর দত্ত অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের নির্দেশে দেশে ফেরার পর তাঁর মক্কেলকে তিন সপ্তাহের অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দেওয়া হয়েছে। অথচ টুলু মণ্ডলের বিরুদ্ধে জারি হওয়া লুকআউট নোটিসের বিষয়ে রাজ্যের তরফে বিস্তারিত তথ্য আদালতে জানানো হয়নি।

অন্যদিকে, রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে উপস্থিত নেই। তাই মামলার শুনানির জন্য কিছুটা সময় চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে টুলু মণ্ডলের আইনজীবী জানান, আগামী ৭ ডিসেম্বর পর্যন্তই তাঁর মক্কেলের রক্ষাকবচ বহাল রয়েছে। ফলে দ্রুত মামলার শুনানি হওয়া প্রয়োজন।

তবে বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় জানান, অ্যাডভোকেট জেনারেল অনুপস্থিত থাকায় ওই মুহূর্তে মামলার শুনানি গ্রহণ করা সম্ভব নয়। শেষ পর্যন্ত আগামী ২৬ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিচারপতি। ফলে একদিকে নিউটাউনে নগদ টাকা উদ্ধারের ঘটনায় CID-র জিজ্ঞাসাবাদ, অন্যদিকে হাইকোর্টে রক্ষাকবচ সংক্রান্ত আইনি লড়াই—দুই ক্ষেত্রেই আপাতত নজরে টুলু মণ্ডল।