চোরবাগান-কাণ্ডের শিক্ষা, ছট পুজোয় নিরাপত্তায় ৩৭০০ পুলিশকর্মী! বিশেষ দায়িত্বে ৫ আইপিএস

Image: IANS/File

চোরবাগানের মর্মান্তিক ঘটনার পর ছট পুজোকে ঘিরে নিরাপত্তায় বিশেষ জোর দিল রাজ্য প্রশাসন। শহরের ঘাট, পুকুর ও জলাশয়গুলিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে একাধিক পদক্ষেপ করা হয়েছে।

নিরাপত্তার দায়িত্বে পশ্চিমবঙ্গ পুলিশ থেকে পাঁচ জন আইপিএস আধিকারিককে কলকাতা পুলিশের অধীনে বিশেষভাবে নিয়োগ করা হয়েছে।

এই পাঁচ আধিকারিক হলেন সন্তোষ নিম্বলকর, শুভঙ্কর ভট্টাচার্য, দীপক সরকার, সিদ্ধার্থ ধোপালা এবং পারিজাত বিশ্বাস। পুণ্যার্থীদের নিরাপত্তায় শহরের বিভিন্ন ঘাট ও জলাশয় মিলিয়ে মোতায়েন থাকবেন ৩৭০০-র বেশি পুলিশকর্মী। সার্বিক নিরাপত্তা ও নজরদারির দায়িত্বে থাকবেন ৩৫ জন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক।


কলকাতা পুরসভা ও কেএমডিএ-র উদ্যোগে মোট ১৬৩টি ঘাট প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে গঙ্গার তীরে ৩০টি, আদি গঙ্গায় ২টি, পুকুর ও জলাশয়ে ৮৬টি এবং কৃত্রিম জলাশয় রয়েছে ৬টি। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে সুভাষ সরোবর ও রবীন্দ্র সরোবরে প্রবেশ নিষিদ্ধ। এই দুই এলাকায় অতিরিক্ত ৩০০ পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

প্রতিটি গুরুত্বপূর্ণ ঘাটে থাকছে সিভিল ডিফেন্স, পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং ডুবুরি। গঙ্গায় নজরদারির জন্য রাখা হয়েছে নৌকা ও দ্রুতগতির জলযান। পাশাপাশি ঘাটগুলিতে ওয়াচ টাওয়ার, মাইকিং ব্যবস্থা, হেল্পলাইন, চিকিৎসক দল এবং জৈব শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে।

ছট পুজো উপলক্ষে শহরে একাধিক ট্রাফিক বিধিনিষেধও জারি করেছে কলকাতা পুলিশ। ১৫ নভেম্বর দুপুর ১২টা থেকে রাত ১০টা এবং ১৬ নভেম্বর ভোর ৩টে থেকে সকাল ১০টা পর্যন্ত পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। ডাফরিন রোড, বিডন স্ট্রিট, বিধান সরণি, বিবেকানন্দ রোড, রেড রোড ও খিদিরপুর রোড-সহ ৫৩টি রাস্তায় পার্কিং, যাত্রী ওঠানামা এবং পণ্য ওঠানো-নামানো নিষিদ্ধ করা হয়েছে।

নিষিদ্ধ শব্দবাজি ফাটানো ও ডিজে বাজানো রুখতে ১৫৮টি বিশেষ পুলিশ দল ঘাটে ঘাটে টহল দেবে। অন্যদিকে, পুণ্যার্থীদের সুবিধার্থে কলকাতা পুরসভার তরফে চালু করা হয়েছে স্ক্যানযোগ্য কিউআর কোড। এর মাধ্যমে ছট পুজো সংক্রান্ত তাৎক্ষণিক তথ্য জানতে পারবেন সাধারণ মানুষ।