চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় ধৃত ৯ জনকে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। শুক্রবার এসিজেএম দিব্যেন্দু নাথের এজলাসে মামলার শুনানি হয়।
ধৃতদের জামিনের তীব্র বিরোধিতা করেন সরকারি আইনজীবী। তিনি জানান, ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পুজো কমিটির সদস্যদের একাধিক ভূমিকা ছিল বলেও তদন্তে উঠে এসেছে।
সরকারি আইনজীবীর দাবি, ভিড় নিয়ন্ত্রণে গাফিলতির প্রমাণ মিলেছে। ঘটনার দিন ঘোষণা করা হলেও এখনও কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়নি। ইতিমধ্যে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে।
তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে আদালতে জানান সরকারি আইনজীবী। অন্যদিকে, ধৃতদের হয়ে জামিনের আবেদন করেন আইনজীবী ইয়াসিন রহমান ও রাজা সেনগুপ্ত।
দু’পক্ষের বক্তব্য শোনার পর ৯ জনকেই আগামী ২৭ নভেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।