পুলিশকে সম্মান জানালেন মুখ্যমন্ত্রী

PIC - X

তারাতলার ঘটনায় জীবন বাজি রেখে বিপর্যয় মুকাবিলা করেছিল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার লালবাজারে কলকাতা পুলিশের সেই বীর যোদ্ধাদের পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার এক যুগ্ম নগরপাল ও এক ডেপুটি কমিশনার সহ মোট ১০জনকে এই ‘জীবনরক্ষা’ পদক দেওয়া হল। পুরস্কার প্রাপকদের তালিকায় ছিলেন বৈভব তিওয়ারি, ঈশানি পাল, সোমনাথ মিত্র, প্রসেনজিৎ চ্যাটার্জি, শিলাস টোপ্পো, প্রসেনজিৎ ঘোষ, পরিতোষ অধিকারী, শেখ জিয়াউল করিম, বাসুদেব দত্ত ও মৃনাল মুখার্জি।

এদিনের অনুষ্ঠানে রাজ্য ও কলকাতা পুলিশের ভূয়সী প্রশংসা করেন শুভেন্দু। তিনি বলেন,’ছোট ছোট কাজের মাধ্যমে এগিয়ে যেতে হবে। পরিকাঠামো এবং উন্নয়নের দিকে নজর থাকবে।’ এর সঙ্গে সিনিয়র অফিসারদের তিনি বলেন, ‘যদি কোনও পুলিশকর্মী তাঁদের সমস্যা নিয়ে আসেন, সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে, তাহলে তাঁদের শাস্তির ব্যবস্থা করবেন না।’

এই কথা বলতে গিয়ে তিনি ব্যারাকপুরের একটি ঘটনার উদাহরণ দেন। পানীয় জলের সমস্যায় ভুগছিলেন ব্যারাকের পুলিশ কর্মীরা। মুখ্যমন্ত্রীকে জানাতেই তিনি ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এই ধরনের কাজে কোনও ‘ইগো’ রাখলে চলবে না। এরপর তিনি বলেন, ‘সাইবার অপরাধ রদে তৎপর কলকাতা এবং রাজ্য পুলিশ। তাঁর সঙ্গে অপরাধ যাতে কমানো যায়, তার দিকেও থাকছে কড়া নজর। রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে ৪৩ হাজার শূন্যপদ রয়েছে। ধাপে ধাপে সেই শূন্যপদ পূরণ করবে রাজ্য সরকার। শুধুমাত্র ক্যাবিনেটে সিদ্ধান্ত নিলেই হবে না, যাঁরা পথে ঘাটে কাজ করেন, তাঁদের সমস্যা এবং সুবিধা অসুবিধা আগে দেখতে হবে।’


এদিন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ডিজি-কেও আরও তৎপর হওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী এবং প্রশিক্ষণ, নিয়োগে নজর দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, লোক নিয়োগ হলেই থানার সংখ্যা আরও বাড়ানো হবে। পুলিশকর্মীর পাশাপাশি সিভিল ডিফেন্সেও ২০০ কর্মী নিয়োগের কথা বলেন শুভেন্দু। রাজ্যের মোট ৫৫২টি থানা এবং কলকাতা ও রাজ্য পুলিশ মিলিয়ে প্রায় চার হাজার পুলিশের গাড়ি। ধাপে ধাপে পুরোনো গাড়িগুলিকে সরিয়ে নতুন গাড়ি কেনার চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য। ইতিমধ্যেই একশো কোটি টাকা এই রাজ্য বাজেটে দেওয়া হয়েছে। বাকি টাকা আরও পরের দুটি বাজেটে ভাগ ভাগ করে দেওয়া হবে বলে জানিয়েছেন শুভেন্দু। এরসঙ্গে থানা অঞ্চলে ইন্ডিয়ান রিজার্ভ ফোর্সে নতুন নিয়োগ করে ব্যবহার করার সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী। দুর্নীতি দমন শাখাকে আরও সক্রিয় করার ইঙ্গিত দিয়েছেন। রাজ্য জুড়ে জেলায় জেলায় দুর্নীতি দমন শাখা খোলার কথাও এদিনের অনুষ্ঠানে ঘোষণা করেন শুভেন্দু। অন্যদিকে, পুলিশের রেশনে দেড় হাজার টাকা থেকে বাড়িয়ে দু’হাজার টাকা করা হল বলে জানিয়েছেন শুভেন্দু। পুজোর মাসে পুলিশ কর্মীরা ২০ শতাংশ হারে ডিএ পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল, ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ-সহ অন্যান্য সিনিয়র আধিকারিকরা।