বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রূপশা গঙ্গোপাধ্যায় বনাম ইউনিয়ন অব ইন্ডিয়া মামলার শুনানিতে নিট-ইউজি ২০২৬-এর এক পরীক্ষার্থীর বিরুদ্ধে গুরুতর পর্যবেক্ষণ করে কলকাতা হাইকোর্ট।
মামলাকারী রূপশা গঙ্গোপাধ্যায়ের পক্ষে আইনজীবী রবি শঙ্কর চট্টোপাধ্যায় আদালতে জানান, তাঁর মক্কেল নিট-ইউজি ২০২৬-এর পরীক্ষার্থী এবং তিনি পরীক্ষার তিনটি ভিন্ন স্কোরকার্ড পেয়েছেন। সেই কারণেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।
এর বিরোধিতা করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র আইনজীবী দাবি করেন, আবেদনকারীর দাখিল করা সমস্ত নথিই জাল ও বিকৃত। তিনি জানান, আদালতে জমা দেওয়া স্কোরকার্ডটি ২০২৬ সালের নয়, ২০২৫ সালের। এছাড়া আদালতে পেশ করা ওএমআর শিটটিও আসল নয়, বরং বিকৃত করা হয়েছে।
এনটিএ-র পক্ষ থেকে আরও জানানো হয়, আবেদনকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আগামী তিন বছর তিনি নিট পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রেও নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি অমৃতা সিনহা পর্যবেক্ষণ করেন, প্রাথমিকভাবে এটি জাল নথি ব্যবহার করে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা বলে মনে হচ্ছে। সেই কারণে আদালত মামলাটি খারিজ করে দেয় এবং আবেদনকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য এনটিএ-কে নির্দেশ দেন বিচারপতি সিনহা।
কয়েকদিন আগেই রাজ্যর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর করা একটি মামলা খারিজ করে দিয়েছিলেন বিচারপতি সিনহা। তৃণমূল আমলে, যখন শুভেন্দু অধিকারী বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন, সেই সময় একটি মামলায় আদালত অবমাননার অভিযোগ এনেছিলেন। পালাবদল হয়েছে। সরকারে এসেছে বিজেপি। সোমবার সেই মামলাই খারিজ করে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
তৃণমূল আমলে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী থাকত। বিধানসভার ভিতরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাকর্মীদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা ছিল। কিন্তু তৎকালীন বিরোধী দল বিজেপির অভিযোগ ছিল, তৃণমূল বিধায়করা পুলিশি নিরাপত্তা নিয়েই বিধানসভায় প্রবেশ করতেন। স্পিকারের সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই হাইকোর্টে মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই মামলাই খারিজ করে দিয়েছিলেন।
এছাড়াও নিট আন্দোলনের মধ্যে হুগলির এক পড়ুয়ার ফলাফলের মারপ্যাঁচ হওয়া একটি মামলায় কড়া নির্দেশ দিয়েছিলেন তিনি। পরীক্ষার ওএমআর দুর্নীতির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই পড়ুয়া। কারণ তার নম্বরের বিভ্রাট ছিল রীতিমত অবাক করা। তা নিয়ে দ্রুত পরীক্ষা নিয়ামক সংস্থার থেকে জবাব তলব করেছিলেন তিনি।