বিধাননগর সাইবার ক্রাইম থানার অভিযানে বেআইনি আন্তর্জাতিক কল সেন্টারের হদিশ। বুধবার, ৩০ সেপ্টেম্বর, ইকো স্পেসের ৩বি ব্লকে প্রযুক্তিনগর থানার অধীন একটি অফিসে অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ১৩ জন মহিলা এবং ১১ জন পুরুষ। তাঁরা দেশের বিভিন্ন রাজ্যের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘এক্সট্রা সোর্স প্রাইভেট লিমিটেড’ নামে ওই অফিসে আমেরিকাভিত্তিক বেআইনি আন্তর্জাতিক কল সেন্টার চালানো হচ্ছিল। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিধাননগর সাইবার ক্রাইম থানার আধিকারিকরা সেখানে হানা দেন।
অভিযানে মোট ৫৩টি ডেস্কটপ কম্পিউটার, চারটি ল্যাপটপ, ২৪টি মোবাইল ফোন, রাউটার, সার্ভার-সহ একাধিক বৈদ্যুতিন সরঞ্জাম উদ্ধার হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে বিদেশি গ্রাহকদের তথ্য, কর্মীদের নথি এবং প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন ধরনের লিখিত স্ক্রিপ্ট।
পুলিশের দাবি, অভিযুক্তরা মূলত বিদেশি নাগরিকদের নিশানা করত। অ্যামাজন, অ্যাপল, প্রযুক্তিগত সহায়তা, সৌরবিদ্যুৎ ব্যবস্থা বসানো-সহ বিভিন্ন পরিষেবার নাম করে বিদেশিদের সঙ্গে যোগাযোগ করা হত। এরপর নানা কৌশলে তাঁদের প্রতারণার ফাঁদে ফেলা হত বলে অভিযোগ।
ঘটনার তদন্তে বিধাননগর সাইবার ক্রাইম থানায় ভারতীয় ন্যায় সংহিতা-সহ সংশ্লিষ্ট ধারায় নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার হওয়া ২৪ জনকে আদালতে পেশ করা হয়েছে। তদন্তকারীরা এই চক্রের সঙ্গে যুক্ত আরও অভিযুক্তদের খোঁজ চালাচ্ছেন।
পুলিশ জানিয়েছে, এই চক্রের শিকড় দেশের অন্য রাজ্যেও ছড়িয়ে থাকতে পারে। প্রয়োজন হলে বিভিন্ন রাজ্যে অভিযান চালানো হবে। পাশাপাশি প্রতারণার শিকার বিদেশি নাগরিকদের পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট দূতাবাসগুলির সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে।