এফআইআর হওয়ার আগেই থানায় আটক! কালিঘাট-কাণ্ডে পুলিশের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক প্রশ্ন, তিন ধৃতের জামিনের দ্রুত শুনানির আর্জি খারিজ বিচারপতি সব্বার রশিদীর

প্রতীকী ছবি (File Photo: iStock)

কালীপুজোর রাতে খাস কলকাতার কালিঘাটে তরুণীকে মারধর, শ্লীলতাহানি ও সোনার হার ছিনতাইয়ের অভিযোগ ঘিরে এ বার নতুন করে বিতর্ক। এক দিকে তরুণীর অভিযোগের ভিত্তিতে তিন জনের গ্রেফতারি, অন্য দিকে সেই গ্রেফতারির বৈধতা নিয়েই গুরুতর প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্তেরা। তাঁদের দাবি, এফআইআর দায়েরের প্রায় চার ঘণ্টা আগেই দুই জনকে তুলে নিয়ে থানায় আটকে রেখেছিল পুলিশ।
রাজনৈতিক প্রতিহিংসার জেরেই তাঁদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ। তবে তিন অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে দিলেন বিচারপতি মহম্মদ সব্বার রশিদী।

মামলার বয়ান অনুযায়ী, ৭ নভেম্বর রাত প্রায় ১টা ৪৫ মিনিটে কালিঘাট রোড ও হাজরা রোডের মোড় দিয়ে এক বান্ধবীর সঙ্গে কালিঘাটের পটুয়াপাড়ায় কালীপ্রতিমা কিনতে যাচ্ছিলেন অভিযোগকারিণী গুড়িয়া হাড়ি। অভিযোগ, সেই সময় ২০-৩০ জনের একটি দল তাঁদের পথ আটকায়। ওই ব্যক্তিরা তৃণমূলের সমর্থক বলে অভিযোগকারিণীর দাবি। পুরনো রাজনৈতিক বিবাদের জেরে তাঁকে ও তাঁর সঙ্গীকে মারধর করা হয়। তরুণীর শরীরে অশালীন ভাবে হাত দেওয়া, পোশাক খুলে দেওয়া এবং গলার সোনার হার ছিনিয়ে নেওয়ার অভিযোগও ওঠে।

এই অভিযোগের ভিত্তিতে ৭ নভেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে কালিঘাট থানায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়। সেই মামলায় গ্রেফতার হন তিন অভিযুক্ত। কিন্তু তাঁদের আইনজীবীর দাবি, এফআইআরে অভিযুক্তদের কারও নাম নেই। নির্দিষ্ট ভাবে তাঁদের কারও বিরুদ্ধে কোনও অভিযোগও করা হয়নি। অভিযোগকারিণী নিজেই একটি রাজনৈতিক দলের গোষ্ঠীর সমর্থক বলে পরিচয় দিয়েছেন। ফলে রাজনৈতিক বিবাদের জেরেই তাঁদের মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বলে দাবি অভিযুক্তদের।


এফআইআরের আগেই থানায় আটক?
জামিনের আবেদনে সবচেয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়েছে গ্রেফতারির সময় নিয়ে। অভিযুক্তদের আইনজীবী অর্ক নাগের বক্তব্য, ৭ নভেম্বর দুপুর আড়াইটে নাগাদ প্রথম ও দ্বিতীয় অভিযুক্তকে তাঁদের বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। তৃতীয় অভিযুক্তকে গ্রেফতার করা হয় রাত ১১টা ৫৫ মিনিটে। অথচ প্রথম দুই অভিযুক্তকে তুলে নিয়ে যাওয়ার প্রায় চার ঘণ্টা পরে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এফআইআর দায়ের হয়। তাঁদের অভিযোগ, মামলা রুজুর আগেই থানায় নিয়ে গিয়ে প্রায় সাড়ে ন’ঘণ্টা আটক রাখার পর গ্রেফতার দেখানো হয়।

এই ঘটনাকে সংবিধানের ২১ ও ২২ নম্বর অনুচ্ছেদ এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ৩৫, ৪৭, ৪৮ ও ৫৮ নম্বর ধারার পরিপন্থী বলে দাবি করেছেন অভিযুক্তেরা। তাঁদের বক্তব্য, সাত বছর বা তার কম সাজাযোগ্য অপরাধের ক্ষেত্রে গ্রেফতারের আগে নির্দিষ্ট আইনি বিধি মানা বাধ্যতামূলক। অথচ কাউকেই BNSS-এর ৩৫(৩) ধারা অনুযায়ী হাজিরার নোটিস দেওয়া হয়নি।
ওকালতনামায় সই করাতেও বাধা!

জামিনের আবেদনে পুলিশের বিরুদ্ধে আরও একটি গুরুতর অভিযোগ তুলেছেন অভিযুক্তদের আইনজীবী। তাঁদের দাবি, ৮ ও ৯ নভেম্বর থানায় গিয়ে অভিযুক্তদের দিয়ে ওকালতনামায় সই করানোর চেষ্টা করেছিলেন আইনজীবী। কিন্তু তদন্তকারী আধিকারিক আদালতের নির্দেশ ছাড়া ওকালতনামায় সই করানো যাবে না বলে জানিয়ে দেন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কোনও সুরাহা হয়নি। শেষ পর্যন্ত কলকাতার পুলিশ কমিশনার, রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং দক্ষিণ কলকাতার ডেপুটি কমিশনারকে ই-মেল করে অভিযোগ জানাতে বাধ্য হন আইনজীবী।

১৬ ঘণ্টা পরে অভিযোগ, প্রশ্ন বিলম্ব নিয়েও আবেদনে আরও দাবি করা হয়েছে, ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং জমায়েত ছত্রভঙ্গ করেছিল। তা সত্ত্বেও পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত হয়ে কোনও মামলা দায়ের করা হয়নি। ঘটনার ১৬ ঘণ্টারও বেশি সময় পরে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বিলম্বের যথাযথ ব্যাখ্যাও নেই বলে দাবি অভিযুক্তদের।

আলিপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের ইনচার্জ আদালত ৮ নভেম্বর তিন অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করেছিল। তার পরেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তাঁরা। নিজেদের স্থায়ী বাসিন্দা এবং সমাজে প্রতিষ্ঠিত বলে দাবি করে তদন্তে সহযোগিতার আশ্বাসও দিয়েছিলেন অভিযুক্তেরা। কিন্তু শেষ পর্যন্ত বিচারপতি মহম্মদ সব্বার রশিদীর এজলাসে তাঁদের জামিনের আবেদন আর্জি নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।