শোকজের জবাবেও মেলেনি সুরাহা, বিএড কলেজের দরজায় তালা কি তবে খুলবে? ১৫ দিনের মধ্যে সিদ্ধান্তের নির্দেশ হাই কোর্টের

পরিকাঠামোয় ঘাটতি থাকলে তা শুধরে নেওয়ার সুযোগ দিতে হবে কলেজগুলিকে। কিন্তু সেই সুযোগ না দিয়ে ভর্তি বন্ধের সিদ্ধান্তে অনড় থাকা যায় কি? ২০৫টি বেসরকারি বিএড কলেজে নতুন পড়ুয়া ভর্তি বন্ধের সিদ্ধান্ত ঘিরে এই প্রশ্নেই বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিকে নতুন করে পর্যালোচনার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। আগামী ১৫ দিনের মধ্যে মামলাকারী ৬১টি কলেজের বক্তব্য শুনে পরিকাঠামোগত পরিস্থিতি খতিয়ে দেখতে হবে বিশ্ববিদ্যালয়কে।

বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, শোকজের জবাব দেওয়ার পরেও কলেজগুলির বক্তব্য না শুনে একতরফা সিদ্ধান্ত নেওয়া যাবে না। কোন কোন পরিকাঠামোগত ঘাটতির অভিযোগে কলেজগুলিকে শোকজ করা হয়েছিল, তা-ও স্পষ্ট করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।

কলেজগুলির আইনজীবী ফিরদৌস শামীম ও গোপা বিশ্বাসের বক্তব্য, গত ৪ নভেম্বরের বিজ্ঞপ্তিতে ২০৫টি কলেজে ভর্তি বন্ধের সিদ্ধান্ত জানানো হলেও নির্দিষ্ট ত্রুটির কথা জানানো হয়নি। নির্ধারিত সময়ে শোকজের জবাব দেওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের তরফে কোনও সদুত্তর মেলেনি বলেও অভিযোগ।


আদালত জানিয়েছে, পরিকাঠামোগত ত্রুটি সংশোধন না হওয়া এবং বিশ্ববিদ্যালয় সন্তুষ্ট না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কলেজগুলিতে পড়ুয়া ভর্তি করা যাবে না। তবে কলেজগুলি নিজেদের পরিকাঠামো ও কার্যকারিতা সম্পর্কে বিশ্ববিদ্যালয়কে সন্তুষ্ট করতে পারলে রিনিউয়াল এবং ২০২৬-২৮ শিক্ষাবর্ষে ভর্তি শুরুর বিষয়টি বিবেচনা করতে হবে। কোনও ত্রুটি না মিললে অবিলম্বে ভর্তির অনুমতি দিতে হবে।

আগামী ২১ নভেম্বর ভর্তির নির্ধারিত সময়সীমা। তার আগে বিশ্ববিদ্যালয়ের শুনানি ও পরিকাঠামো যাচাইয়ের প্রক্রিয়া কত দ্রুত শেষ হয়, এখন সেদিকেই নজর। কারণ, এই সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে রয়েছে শুধু ৬১টি কলেজের ভবিষ্যৎ নয়, বিএড পড়ার অপেক্ষায় থাকা বহু পড়ুয়ার শিক্ষাজীবনও।